কলকাতা, নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি ও সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বাম ছাত্র সংগঠন ও এবিভিপি-র সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠক করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সাংবাদিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভূমিকা নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন। বিশেষ করে, ওই দিন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং তাদের উপস্থিতির অনুমতি কে দিয়েছিল, তা স্পষ্ট করার দাবি জানানো হয়।
ABVP-র অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু ১৯ অগাস্টের সেই ঘটনার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনের বক্তব্য, ছাত্রদের নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগ তৈরি হয়েছিল, তখন কীভাবে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হল, তার জবাব প্রশাসনকে দিতে হবে।
সাংবাদিক বৈঠকে বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ABVP। সংগঠনের দাবি, ক্যাম্পাসের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রেজিস্ট্রারের ভূমিকা যথেষ্ট ছিল না। এই পরিস্থিতিতে রেজিস্ট্রারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে।
ABVP-র আরও দাবি, কার অনুমতিতে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিলেন, তাঁদের সঙ্গে কারা যোগাযোগ রেখেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হয়েছিল এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জোরালোভাবে তুলেছে ABVP।
গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়।
এবিভিপি-র সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের সংঘর্ষের অভিযোগ ওঠে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ পৌঁছয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো,পাথর ছোড়া এবং ভাঙচুরের অভিযোগও সামনে আসে। ইতিমধ্যে পুরো বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।