বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত তদন্ত এখনও চলছে। সেই আবহেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। আর সেটা এমনই এক সময়ে, যখন ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও ঝড় উঠেছে ফুটবল দুনিয়ায়। বিশ্বকাপ বেসরকারিকরণের পরিকল্পনা ফিফা প্রত্যাহার করে নিলেও ইনফান্তিনোকে ক্ষমা করতে নারাজ উয়েফা। এই পরিস্থিতিতেই আর্জেন্টিনার সমর্থন জন্ম দিচ্ছে নয়া জল্পনার।
একটি বিবৃতিতে ইনফান্তিনোর গত ১০ বছরের কাজের ভূয়সী প্রশংসা করেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা এএফএ। তাদের দাবি, এই সময়ে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ, স্থিতিশীল ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই ছিল ফিফার প্রধান সাফল্য। একই সঙ্গে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এএফএ জানিয়েছে, "যে পরিকল্পনা নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তাই বেশি তৈরি করেছিল, সেটি বাতিল করা এবং ভুল স্বীকার করা ফিফার ইতিবাচক পদক্ষেপ।
তবে এই বিবৃতির সময় নির্বাচন ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। যদিও সেই তদন্ত প্রসঙ্গে বিবৃতিতে একটি শব্দও খরচ করেনি এএফএ। তবু তদন্তের চলাকালীন ইনফান্তিনোর প্রতি প্রকাশ্য সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ফুটবলমহলের একাংশ।
গোটা বিশ্বকাপ জুড়েই একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তকে কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল স্কালোনির দল। বিশেষ করে কোয়ার্টার ফাইনালের পর মিশর শিবির প্রকাশ্যেই অভিযোগ তোলে যে, গোটা প্রতিযোগিতায় সমস্ত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গিয়েছে। যদিও ফিফা সেই অভিযোগ কখনও মানেনি এবং অভিযোগের পক্ষেও কোনও প্রমাণ সামনে আসেনি। তবু সেই বিতর্ক বিশ্বকাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও উস্কে দিয়েছিল।