নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে প্রতারণার অভিযোগে একাধিক বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে ২৭৩ জনকে গ্রেফতার করল ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। ক্রেডিট কার্ড জালিয়াতি এবং পঞ্জি স্কিমের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ওই কল সেন্টারগুলির বিরুদ্ধে।
সংস্থার করাচির অতিরিক্ত অধিকর্তা শাহজাদ আখবর জানিয়েছেন, প্রতারিত বিদেশি নাগরিক এবং পাকিস্তানের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, করাচিতে প্রায় ৩০০ থেকে ৩৫০টি এমন প্রতারণা চক্র সক্রিয় রয়েছে।
অভিযুক্তরা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের আধিকারিক পরিচয় দিয়ে গ্রাহকদের কাছে ফোন করত। বিশেষ ক্রেডিট কার্ডের সুবিধা এবং বিনিয়োগের আকর্ষণীয় প্রস্তাব দিয়ে তাঁদের কাছ থেকে আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া হত। অভিযানে কয়েকশো ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ব্যবহার করে ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ এবং বেআইনি লেনদেন চালানো হত বলে অভিযোগ।
আখবর জানিয়েছেন, করাচির বিভিন্ন আবাসিক ভবন এমনকি চলমান যানবাহন থেকেও এই চক্রগুলি কাজ করত। অভিযুক্তদের মধ্যে কয়েক জন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।বৃহস্পতিবার আদালত গ্রেফতার হওয়া ৯৮ জন মহিলা ও দুই নাবালককে ৫ হাজার পাকিস্তানি রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। সংস্থার মালিক হিসেবে চিহ্নিত ন'জনকে দু'দিনের হেফাজতে পাঠানো হয়েছে। বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।




