নিউজ ডেস্ক: লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট (ডব্লিউটিএম) ২০২৬-এ ‘বেস্ট স্ট্যান্ড অ্যাওয়ার্ড ফর ডুয়িং বিজনেস’ সম্মান পেল ভারতের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্যাভিলিয়ন। আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে ভারতের এই উদ্যোগ বিশেষ স্বীকৃতি পেয়েছে।
তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন সম্মেলনে প্রায় ৫০ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন রাজ্যের সরকারি প্রতিনিধি, পর্যটন সংস্থা, বিমান পরিষেবা প্রদানকারী এবং হোটেল ব্যবসায়ীরা।
শেখাওয়াত বলেন, ‘ডব্লিউটিএম লন্ডন ২০২৬-এ ভারতের অংশগ্রহণ দেশের পর্যটনের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার দারুণ সুযোগ দিয়েছে। ‘বেস্ট স্ট্যান্ড অ্যাওয়ার্ড’ আমাদের পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলের প্রচেষ্টার স্বীকৃতি।’
প্যাভিলিয়নের পরিকল্পিত বিন্যাস, ব্যবসায়িক বৈঠকের জন্য পৃথক জায়গা এবং দর্শনার্থীদের সহজে বিভিন্ন স্টল খুঁজে পাওয়ার সুবিধার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
সম্মেলনে ভারতের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নেটফ্লিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পঞ্চম পর্যটন প্রচারমূলক চলচ্চিত্রও প্রকাশ করা হয়েছে। ‘ইন্ডিয়া ইভনিং’ অনুষ্ঠানে লেখিকা ও সমাজসেবী সুধা মূর্তি এবং কন্ডে নাস্ট ট্রাভেলারের গ্লোবাল এডিটর দিব্যা থানির সঙ্গে আলোচনায় অংশ নেন পর্যটনমন্ত্রী।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ভারতে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল ৪২৯ কোটি, যা ২০২৪ সালের তুলনায় ৪৫.৬ শতাংশ বেশি। বিদেশি পর্যটকের সংখ্যা পৌঁছেছে ২ কোটি ২ লক্ষ ২০ হাজারে। পর্যটন থেকে বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ ছিল প্রায় ৩১.৭ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বিদেশি পর্যটকদের আগমনের ক্ষেত্রে ব্রিটেন ভারতের দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২৪ সালে ব্রিটেন থেকে প্রায় ১০.২ লক্ষ পর্যটক ভারতে এসেছিলেন। ব্রিটেন ও ইউরোপের পর্যটকদের আকৃষ্ট করতে ভারতীয় ঐতিহ্য, বন্যপ্রাণ, ওয়েলনেস, অ্যাডভেঞ্চার এবং বিলাসবহুল পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।




