শেষ পর্যন্ত বিক্রি হচ্ছে না ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি লগ্নির পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলির তীব্র বিরোধিতার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিতর্কিত প্রস্তাব আর এগোবে না। এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘‘সব পক্ষের মতামত শোনার পর এটা স্পষ্ট যে, এই পরিকল্পনা ফুটবল বিশ্বে বিভাজন তৈরি করছে। আমাদের লক্ষ্য সবসময় ফুটবলকে একত্রিত করা। তাই এই প্রস্তাব প্রত্যাহার করা হচ্ছে।’’
প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি নতুন সংস্থা গড়ে বিশ্বকাপ-সহ ফিফার একাধিক বড় ইভেন্টের বাণিজ্যিক দিকটি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এমনটাই পরিকল্পনা ছিল ফিফা সভাপতির। এই সংস্থার ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছাড়ার কথাও ভাবা হয়েছিল। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে উঠে আসে একটি মার্কিন বিনিয়োগ সংস্থার নাম। যা জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত। কিন্তু প্রস্তাব প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ইউরোপীয় ফুটবল মহল। উয়েফা সাফ জানিয়ে দেয়, প্রয়োজন হলে তারা বিশ্বকাপ-সহ ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করবে। তাদের কড়া বার্তা, ‘‘বিশ্বকাপ ফুটবলের সম্পদ। সেটি কখনও বিক্রির পণ্য হতে পারে না।’’
বিতর্ক আরও বাড়ে ফিফার অন্দরেই। ইনফান্তিনোর ঘনিষ্ঠ উপদেষ্টা তথা প্রাক্তন মার্কিন ফুটবল কর্তা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তাঁর অভিযোগ, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা সমর্থন করতে পারছেন না তিনি। এর পরেই প্রকাশ্যে প্রশ্ন তোলেন ফিফার প্রধান পরিচালন আধিকারিক কেভিন লামুরও। তাঁর দাবি, এই পরিকল্পনা কার্যত নির্দিষ্ট একজন ব্যক্তির উদ্যোগ এবং ফিফার অনেক উচ্চপদস্থ কর্তা বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না। ফলে এই প্রকল্প অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেই জানান লামুর।
এই ঘটনায় ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৯ এবং ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হলেও, নিয়ম অনুযায়ী আর একবারই ভোটে লড়তে পারবেন তিনি। আগামী ১৮ নভেম্বর মনোনয়নের শেষ দিন। এর পর মরক্কোর রাবাতে আগামী বছরের মার্চে হবে সভাপতি নির্বাচন। এতদিন পর্যন্ত তাঁর অবস্থান নিরাপদ বলেই মনে করা হলেও, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ঘিরে এই ব্যর্থ উদ্যোগ ভবিষ্যতে ইনফান্তিনোর নেতৃত্বের উপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক ফুটবল মহল।