দীপাবলির আলো জ্বলতে এখনও কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে দিলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে যেন অকাল দীপাবলি! এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে প্রথম ম্যাচেই ভিয়েতনামের হো চি মিন সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। আর এই জয়ের কেন্দ্রে একটাই নাম—ফাজিলা ইকওয়াপুট। তাঁর জোড়া গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মশাল গার্লস। প্রথমবার প্রতিযোগিতার নকআউট পর্বে পৌঁছনোর আশাও আরও উজ্জ্বল হল।
গত মরশুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার অবশ্য শুরু থেকেই অন্য মেজাজে লাল-হলুদ। প্রাথমিক পর্বে টানা পাঁচটি ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিল তারা। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে সেই জয়ের ধারাই বজায় রাখল দল। যদিও ম্যাচের শুরুটা খুব একটা সহজ ছিল না। তিন মিনিটেই গোল খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু গোলরক্ষক পান্থোই চানুর দক্ষতায় রক্ষা পায় ইস্টবেঙ্গল। অন্য দিকে, ফাজিলার বাড়ানো বল পেয়েও গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি রেস্টি নানজিরি।
১৮ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবলের আবেদন জানায় ইস্টবেঙ্গল। ভিডিও পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। ২১ মিনিটে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন ফাজিলা। ৩৪ মিনিটে ফের তাঁর পায়ের জাদু। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। প্রথমার্ধে ভিয়েতনামের দল একাধিকবার আক্রমণে উঠলেও পান্থোইয়ের তৎপরতায় গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য পালটা লড়াই শুরু করে হো চি মিন সিটি। ৬০ মিনিটে ডি আহনের হেডে ব্যবধান কমে। এরপর চাপে পড়ে ইস্টবেঙ্গল রক্ষণ। তবে বিপক্ষের আক্রমণ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লাল-হলুদ। ৭২ মিনিটে ফাজিলার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দু’মিনিট পর হ্যাটট্রিকের সুযোগও হাতছাড়া করেন তিনি। আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও তৃতীয় গোল আসেনি।
তাতে অবশ্য উৎসবের আনন্দে ভাটা পড়েনি। ২-১ গোলের জয়েই এএফসি অভিযান শুরু ইস্টবেঙ্গলের। আগামী ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হুয়াচিওন কেএসপিও এবং ৬ নভেম্বর ৪.২৫ এসসির বিরুদ্ধে নামবে তারা। স্বপ্ন এবার নকআউটের।




