নিউজ ডেস্ক: পরীক্ষায় ভালো ফল করলেই মা-বাবার কাছ থেকে মেলে নানা উপহার। কখনও নতুন জামাকাপড়, কখনও পছন্দের খেলনা কিংবা সাইকেল। কিন্তু নবম শ্রেণির এক পড়ুয়ার ভালো ফলের পুরস্কার হিসেবে বাবা যা উপহার দিলেন, তা দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। ছেলের আবদার পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে BMW M4 Competition গাড়ি কিনে দিলেন বাবা। ঘটনাটি পূর্ব বর্ধমানের গলসির।
জানা গিয়েছে, গলসির বাসিন্দা সামসুদ্দিন মিদ্দ্যার ছেলে তালহা শ্রীচৈতন্য টেকনো স্কুলের নবম শ্রেণির ছাত্র। সম্প্রতি স্কুলের হাফ ইয়ার্লি পরীক্ষায় ভালো ফল করেছে সে। ছেলের এই সাফল্যে খুশি হয়ে তাকে বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন সামসুদ্দিন। তিনি বলেন, 'অনেক আগে থেকেই BMW গাড়ির আবদার ছিল ছেলের। সেই ইচ্ছেপূরণ করতেই মুম্বইয়ের অন্ধেরিতে একটি নামী শোরুম থেকে BMW M4 Competition কেনেন তিনি। শুক্রবার সেই বিলাসবহুল গাড়ি পৌঁছয় গলসিতে।
সামসুদ্দিনের নিজস্ব চারটি রাইস মিল রয়েছে। পাশাপাশি চিন ও ভিয়েতনামেও চাল রপ্তানি করেন তিনি। বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর বিশেষ শখ রয়েছে। তাঁর গ্যারাজে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার এবং হুন্ডাই আলকাজারের মতো একাধিক দামি গাড়ি। নতুন BMW-র নম্বর প্লেটের ক্ষেত্রেও বিশেষ পছন্দের ছাপ রেখেছেন তিনি। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫। তবে এই উপহার ঘিরে তৈরি হয়েছে অন্য বিতর্কও। কারণ, তালহার বয়স মাত্র ১৫ বছর। ফলে এখনও গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার বয়স হয়নি তার। যদিও তালহা জানিয়েছে, সপ্তাহে একদিন সে বাবার সঙ্গে গাড়িতে বেরোবে। বাবা গাড়ি চালাবেন, আর সে পাশে বসে থাকবে।




