কলকাতা: শিল্পনীতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। বামফ্রন্ট সরকারের আমলে শিল্পের জন্য নেওয়া নীতি নিয়ে এবার মুখ খুলে কার্যত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু। তাঁর মন্তব্য, শিল্পনীতি নিয়ে যদি কোনও সমস্যা হয়ে থাকে, তার দায় জ্যোতি বসুরই। আর এই একটি মন্তব্য ঘিরেই নতুন করে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। বিশেষ করে সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগের মধ্যে বাম আমলের শিল্পনীতি নিয়ে এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
এক সাক্ষাৎকারে বাম আমলের শিল্পনীতি প্রসঙ্গে বিমান বসু বলেন, বামফ্রন্ট সরকারের শিল্পনীতি জ্যোতি বসুর নেতৃত্বেই গ্রহণ ও ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নীতি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফলে শিল্পনীতি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়ে থাকলে তার দায়ও জ্যোতি বসুর নেতৃত্বের উপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নতুন শিল্পনীতি ঘোষণা করেছে রাজ্যের বর্তমান সরকার। রাজ্যে বিনিয়োগ বাড়ানো এবং শিল্পের পরিবেশ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। কিন্তু শিল্প গড়তে গেলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে জমি অধিগ্রহণ। বিশেষ করে সিঙ্গুরে নতুন করে শিল্প স্থাপনের উদ্যোগ ঘিরে জমি নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর সেই আবহেই ফিরে এসেছে বাম আমলের সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ।
২০০৬-০৭ সালে সিঙ্গুর ও নন্দীগ্রামের ঘটনা রাজ্যের শিল্পায়ন এবং জমি অধিগ্রহণের পদ্ধতিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। শিল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঘিরে তীব্র আন্দোলন হয়েছিল। সেই পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন এনেছিল।
বিমান বসুর মন্তব্যের পর বিতর্ক আরও বাড়ে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের বক্তব্যে। তিনি জানান, শিল্পনীতি নিয়ে বামফ্রন্টের মধ্যে কোনও মতপার্থক্য ছিল না। তাঁর দাবি, জ্যোতি বসুর আমল থেকেই শিল্পনীতি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, শিল্প ও কৃষিকে আলাদা করে দেখা যায় না। তাঁর মতে, কৃষিকে ধ্বংস করে শিল্প নয়, বরং প্রতিটি জেলার উপযোগী শিল্প ও কৃষির সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
এদিকে বিমান বসুর মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এটি বিলম্বিত হলেও বোধোদয়। বাম আমলেই বাংলায় শিল্পবিরোধী পরিবেশ তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কম্পিউটার চালু করা এবং শিল্পপতিদের সঙ্গে বাম সরকারের আচরণ নিয়েও সমালোচনা করেন শমীক।
সব মিলিয়ে নতুন শিল্পনীতি ঘোষণার পর বাম আমলের শিল্পায়ন নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে চলে এসেছে। বিমান বসুর মন্তব্য কি বাম শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্যের ইঙ্গিত, নাকি অতীতের নীতির মূল্যায়ন?




