স্পোর্টস ডেস্ক: ভারতীয় মহিলা টেনিসে নতুন ইতিহাস লিখলেন মায়া রাজেশ্বরন রেভাথি। দীর্ঘ ১৪ বছর পর কোনও ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় ডব্লিউটিএ ট্যুরের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন। চেন্নাই ওপেনে দুরন্ত পারফরম্যান্স করে সেই কৃতিত্ব অর্জন করলেন ১৭ বছরের মায়া। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের ওয়েরোনিকা ফালকোভস্কাকে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে পৌঁছে গেলেন তিনি। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে পাতায়া ওপেনে এই কৃতিত্ব দেখিয়েছিলেন সানিয়া মির্জা।
বিশ্ব ক্রমতালিকায় ৬৬৯ নম্বরে থাকা মায়ার সামনে প্রতিপক্ষ ছিলেন ২৭৭ নম্বরে থাকা ফালকোভস্কা। কিন্তু ক্রমতালিকার ব্যবধান কোর্টে কোনও প্রভাব ফেলতে পারেনি। ৬-৪, ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন ভারতীয় কিশোরী। প্রথম সেটে একের পর এক সার্ভিস ব্রেকের কারণে বেশ কিছুটা চাপে পড়েছিলেন মায়া। পাঁচটি পরপর সার্ভিস ব্রেকের পর ৪-২ ব্যবধানে এগিয়েও যান পোলিশ প্রতিপক্ষ। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ান মায়া। আক্রমণাত্মক বেসলাইন টেনিস এবং গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁকে ম্যাচে ফিরিয়ে আনে।
জয়ের পরে মায়া বলেন, ‘সত্যি বলতে, আমি ওয়াইল্ড কার্ড নিয়ে এই প্রতিযোগিতায় খেলতে এসেছিলাম। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। হারানোর কিছু নেই।’ নিজের পারফরম্যান্স নিয়েও যথেষ্ট বাস্তববাদী তিনি। জানান, প্রত্যাশামতো খেলতে না পারলেও জেতার রাস্তা খুঁজে পেয়েছেন।
এই সাফল্য অবশ্য আচমকা আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বইয়ে ডব্লিউটিএ ১২৫ প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে নজর কেড়েছিলেন মায়া। গত মাসে পর্তুগালের লাগোসে ডব্লিউ৩৫ প্রতিযোগিতায় সিঙ্গলস ও ডাবলস, দু'টি বিভাগেই চ্যাম্পিয়ন হন তিনি। পেশাদার টেনিসে সেটিই ছিল তাঁর প্রথম সিঙ্গলস খেতাব।
স্পেনের রাফায়েল নাদাল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর বর্তমানে ফ্রান্সের এলিট টেনিস সেন্টারে অনুশীলন করছেন মায়া। চেন্নাই ওপেনে তাঁর এই সাফল্য ভারতীয় মহিলা টেনিসের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখাচ্ছে।




