কলকাতা, নিউজ ডেস্ক: এবার দলের নেতা-কর্মীদের খোলা চিঠি দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মূলত, দুনীর্তি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, 'ব্যক্তিগত স্বার্থে কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কাজে জড়ালে তার দায় সংগঠন নেবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন তিনি।'
চিঠিতে বলা হয়েছে, 'সততা, স্বচ্ছতা ও আদর্শই আমাদের মূল চালিকাশক্তি। ভারতীয় জনতা পার্টি একটি আদর্শভিত্তিক দল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-জির 'জিরো টলারেন্স' নীতি এবং দেশসেবার সংকল্পই আমাদের কাজের মূল ভিত্তি।' দলের রাজ্য, জেলা, মণ্ডল, অঞ্চল এবং বুথ স্তরের পদাধিকারী ও কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় শমীক বলেন, বিভিন্ন জায়গা থেকে কয়েকজন কর্মীর আচরণ নিয়ে আপত্তিকর তথ্য সামনে এসেছে। দল যে নীতি ও আদর্শের কথা বলে, তার সঙ্গে সঙ্গতিহীন কোনও কাজ বরদাস্ত করা হবে না। ব্যক্তিগত লাভের জন্য এমন কোনও পদক্ষেপ করা যাবে না। সাধারণ মানুষের বিশ্বাস অটুট রাখতে স্বচ্ছতার সঙ্গে কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি।
গত রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত দলের প্রশিক্ষণ কর্মসূচিতেও একই বিষয়ে সতর্ক করেছিলেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কয়েকজন বিধায়কের বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ পৌঁছেছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে পদ বা পরিচয়ের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে সংগঠন থেকে বহিষ্কারের পথেও হাঁটতে পারে দল।




