পুরীর জগন্নাথ রথযাত্রায় বড় বিপত্তি। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অন্তত শতাধিক পুণ্যার্থী। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। প্রশাসনের দাবি, সকলের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দির চত্বরে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। সেই সময় গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। এরপর উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান।
রথযাত্রায় অতিরিক্ত ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।