অদ্ভুত ভক্তি। বৃষ্টির আশায় স্বয়ং কুমিরের পুজো। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুরোহিতের এমন এক ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আতঙ্কের মাঝে ভক্তি, এই ভক্তি দেখে থ সকলে। ঘাট থেকে উঠে আসা কুমিরকেই পুজো করলেন পুরোহিত।
দীর্ঘ ছুটির সপ্তাহান্তে ভিড় জমেছিল নদীর ঘাটে। বহু মানুষ নদীর পাড়ে বসে জিরিয়ে নিচ্ছিলেন। সেই সময়ই আচমকাই জল থেকে উঠে এল আস্ত এক কুমির। জল থেকে কুমির উঠে আসায় মুহূর্তে হুড়োহুড়ি, চিৎকার পড়ে যায় ঘাটে। প্রাণভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন দর্শনার্থীরা। কিন্তু এমন আতঙ্কের পরিবেশেও অবিচল এক ব্যক্তি। মনে তার ভয় নেই। তাই তিনি পালালেন না, বরং সাক্ষাৎ মৃত্যুর সামনে বসে শুরু করলেন আরাধনা! সামনে কুমির। মুখোমুখি বসে পুজো শুরু করেছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এক্স হ্যান্ডেলে প্রকাশ পাওয়া ভিডিও তে দেখা গেছে বৃষ্টির দাবিতে কুমিরের পুজো করছেন এই পুরোহিত। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল তেলঙ্গানার জোগুলাম্বা গাদোয়াল জেলার কৃষ্ণা নদীর তীরের পুষ্করা ঘাট। ছুটির দিন হওয়ায় সেখানে প্রচুর পর্যটকের সমাগম হয়েছিল। সবাই যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, ঠিক তখনই নদী থেকে উঠে আসে একটি বিশাল কুমির। ঘাটে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। এদিক ওদিক প্রাণের ভয়ে দৌড়াতে থাকে সকলে।
সরীসৃপটি ধীরগতিতে ঘাটের লাগোয়া একটি ভবনে ঢুকে পড়ে। আর সেখানেই ঘটে অবাক করা সেই কাণ্ড।
ভবনের ভেতরে থাকা এক স্থানীয় পুরোহিত কুমিরটিকে দেখে বিন্দুমাত্র ভয় পাননি। উল্টে তিনি প্রাণীটির সামনে বসে ভক্তিভরে পুজো শুরু করেন। জানা গিয়েছে, রাজ্যে পর্যাপ্ত বৃষ্টির মনস্কামনা নিয়েই তিনি সাক্ষাৎ কুমিরটিকে দেবতা জ্ঞানে পুজো করেছেন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বিরল দৃশ্যের ভিডিও, যা দেখে কার্যত স্তম্ভিত নেটিজেনরা। একদিকে ভয়ংকর বন্যপ্রাণী, অন্যদিকে অটল ভক্তি তেলঙ্গানার এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল, বিশ্বাসে সত্যিই মিলায় বস্তু!