টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃহস্পতিবার ভোররাতে সেভক কালী মন্দির সংলগ্ন এলাকায় পাহাড় ধসে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। এর জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের গ্যাংটকের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
একটানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের উপর থেকে বিশাল বোল্ডার, পাথর, কাদা ও মাটি রাস্তার উপর নেমে আসে। মুহূর্তের মধ্যে জাতীয় সড়কের একটি বড় অংশ ধসে ঢেকে যায়। ফলে রাস্তার দু’দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। শতাধিক ছোট-বড় গাড়ি আটকে পড়ে। যার মধ্যে পর্যটকদের গাড়িও রয়েছে।
খবর পেয়েই প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। তবে লাগাতার বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।
দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট গাড়িগুলিকে গজলডোবা–করোনেশন ব্রিজ–মংপং রুট দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারী মালবাহী যানবাহনকে গরুবাথান–মুনসং রুট ব্যবহার করতে বলা হয়েছে।
প্রতিবছরের মতো এ বছরও বর্ষা শুরু হতেই পাহাড়ে ধসের জেরে বিপাকে পড়েছেন পর্যটক থেকে পণ্যবাহী যান চালকেরা। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাহাড়ি রাস্তায় অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন।