নয়াদিল্লি, নিউজ ডেস্ক: "আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন", প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে ফের সরব ভাইরাল তরুণী। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে শিরোনামে এসেছিলেন এক তরুণী। সেই তরুণীর নতুন একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নতুন এই ভিডিওতে ওই তরুণী সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানান, তাকে মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করেছেন মোদী।
ভিডিওটিতে তরুণী অত্যন্ত ক্ষোভের প্রকাশ করেছেন। হতাশার সুরে তাকে বলতে শোনা যায়, যন্তর মন্তরের ঘটনার পর থেকে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "মোদী জি, আপনি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। একটা ১৫ বছরের নাবালিকা মেয়ের পেছনে আপনারা এমনভাবে হাত ধুয়ে পড়েছেন এবং সবদিক থেকে এমনভাবে নির্যাতন ও হেনস্তা করিয়েছেন যে আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।"
সূত্র: https://x.com/Sachingupta/status/2094035188967977125?s=20
নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি এই ভিডিওতে। তিনি বলেন, এই ঘটনার পর থেকে তার ব্যক্তি স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। এখন আর তার হারানোর মতো কিছু অবশিষ্ট নেই। তিনি স্বাভাবিকভাবে কোথাও যেতে পারছেন না, স্বাধীনভাবে থাকতে পারছেন না। এমনকি লোকলজ্জা ও ক্রমাগত চাপের কারণে তাকে সর্বত্র মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। তবে হেনস্তা ও সামাজিক চাপের মুখেও নত স্বীকার করতে নারাজ ওই তরুণী।
ভিডিওর শেষ অংশে তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, তার সমস্ত কিছু কেড়ে নেওয়া হলেও তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে পিছিয়ে আসবেন না। সামাজিক মাধ্যমে নতুন এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তোলপাড় নেটদুনিয়ায়। বহু মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। অনেকেই যেমন পূর্বের ঘটনার জন্য তার আচরণের সমালোচনা করছেন, তেমনই অনেকে আবার একজন নাবালিকার মানসিক নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।