উত্তর ২৪ পরগনা, রেশমি ব্যানার্জি - অন্নপূর্ণার টাকা পেয়ে খুশির মেজাজে মহিলারা। কোথাও দেখা যাচ্ছে উচ্ছ্বাসের চেহারা আবার কোথাও চলছে মিষ্টি মুখ। এক লাফে দেড় হাজার থেকে তিন হাজার টাকা। আর এতেই খুশিতে মেতে উঠছে অন্নপূর্ণার গ্রাহকেরা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে ধরা পড়ল এমনই এক আনন্দের ছবি।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই আগস্ট মাসের মাঝামাঝি সময়তেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ আসতেই কার্যত উৎসবের আবহ তৈরি হচ্ছে সর্বত্র। অনেকেই মাটির ঘর হাতে নিয়ে আবির খেলায় মেতে উঠছেন এই আনন্দ উপভোগ করতে। কার্যত উৎসবের চেহারা নিয়েছে চারিদিক। একে অপরকে আবির মাখানোর পাশাপাশি চলে মিষ্টিমুখ। এমনকী, পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ান তাঁরা। এই আনন্দে সামিল ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও।
এ বিষয়ে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের দাবি, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার বার্তাও দেন তাঁরা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, এই টাকা পাওয়াতে মহিলারা অনেকটাই স্বস্তি পেয়েছে বলে মনে করছেন তাঁরা।
এ বিষয়ে এক অন্নপূর্ণা গ্রাহক নীলিমা গিরি বলেন, 'মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেবেন। সেটা উনি আমাদের দিয়েছেন। আমরা খুব খুব খুশি। তাই মিষ্টিমুখ করাচ্ছি।' এছাড়াও অন্নপূর্ণার আরও এক গ্রাহক বলেন, অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ আসাতে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এই টাকা পেয়ে তিনি খুবই খুশি।
মুখে হাসি, হাতে আবির অন্নপূর্ণার টাকা ঘিরে হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে এভাবেই তৈরি হল উৎসবের আবহ। রীতিমতো উৎসবে মেতেছেন অন্নপূর্ণা গ্রাহকের মহিলারা।