কলকাতা, পিউ নন্দী: স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে বহু চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। ২০২৫-এর মাঝামাঝি পর্ব থেকেই এই শো ঘিরে তোড়জোড় শুরু করেছিল চ্যানেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই শুরু থেকেই দর্শকের মনে কৌতূহল,প্রতিযোগীদের তালিকায় কোন কোন চেনা মুখ দেখা যাবে আর শোয়ের ফরম্যাটেই বা কী নতুন চমক থাকছে। এরই মধ্যে টেলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, এবারের সিজনে সঞ্চালকের ভূমিকায় হয়তো দেখা যেতে চলেছে খোদ ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
আগামী ৩০ অগাস্ট থেকেই ছোটপর্দায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। সঞ্চালকের হটসিটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি শো ঘিরে উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে প্রতিযোগীদের নাম নিয়ে। নিয়মমাফিক প্রিমিয়ারের আগে পর্যন্ত পুরো তালিকাটি কড়া গোপনীয়তায় মুড়ে রাখা হয়েছে। কারণ, টানা তিন মাস বাইরের দুনিয়া, ফোন, সিনেমা কিংবা বই সবকিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চার দেওয়ালের কড়া নজরদারিতে থাকতে হবে তারকাদের।
টলিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, কারা হচ্ছেন এবারের ‘ঘরবন্দি’ বাসিন্দা? খবর চাউর হয়েছে, শোয়ের প্রস্তাব পৌঁছেছে বর্ষীয়ান অভিনেতা ভরত কলের কাছে। তবে তিনি এতে সম্মতি দিচ্ছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। অন্যদিকে অভিনেতা জীতু কমলকে পেতে মরিয়া চ্যানেল কর্তৃপক্ষ, শোনা যাচ্ছে, বিগ বসের জন্য নিজের বর্তমান ওয়েব সিরিজের কাজও দ্রুত গুটিয়ে নিচ্ছেন তিনি। তালিকায় গ্ল্যামার যোগ করতে কথাবার্তা চলছে মনামি ঘোষের সঙ্গেও।
এছাড়া চর্চায় রয়েছেন গায়ক দুর্নিবার সাহা। সবচেয়ে বেশি প্রস্তুতিতে এগিয়ে রয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ।তিন মাসের জন্য প্রয়োজনীয় পোশাক ও স্টাইলিংয়ের কাজ তিনি নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর নামও প্রতিযোগীদের তালিকায় বেশ জোরালোভাবে উঠে আসছে।
শোনা যাচ্ছে, বিগত এক মাস ধরে বহু নামী মুখের দরজায় কড়া নেড়েছে নির্মাতারা। এক প্রথম সারির গায়িকাকে প্রায় কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও, দুর্গাপূজার সময়ে শহর ছাড়তে চাননি বলে সেই মোটা অঙ্কের ডাক তিনি ফিরিয়ে দিয়েছেন। একই কারণে আরও কয়েকজন তারকাও শো থেকে সরে দাঁড়িয়েছেন।