মধ্যমগ্রাম, নিউজ ডেস্ক: কাজের জায়গায় চরম গাফিলতি, মধ্যমগ্রামে বহুতল থেকে ছিঁড়ে পড়ল রঙের খাঁচা,মৃত ২ শ্রমিক, আশঙ্কাজনক ১জন। কর্মস্থলে ন্যূনতম সুরক্ষাবিধির তোয়াক্কা না করার মাশুল দিতে হলো দুই নিরীহ দিনমজুরকে। মধ্যমগ্রাম বিধানসভা এলাকার অন্তর্গত গঙ্গানগরে একটি নির্মীয়মাণ বহুতলে রঙের কাজ করার সময় ঝুলন্ত প্ল্যাটফর্ম ছিঁড়ে নিচে পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় আরও এক কর্মী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বহুতলটির বহির্ভাগে রঙের কাজ চলার সময়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যে ঝুলন্ত খাঁচায় দাঁড়িয়ে শ্রমিকরা কাজ করছিলেন, সেটিতে সর্বোচ্চ আটজনের ওঠার ধারণক্ষমতা থাকা সত্ত্বেও মাত্র তিনজনকে নিয়েই আচমকা তারের বাঁধন ছিঁড়ে সশব্দে মাটিতে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন নিরাপত্তারক্ষী ও আশপাশের মানুষ। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তৃতীয় শ্রমিককে সংকটজনক পরিস্থিতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট নির্মাণস্থলের সামগ্রিক নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বহুতলটিতে ব্যবহৃত কাজের সামগ্রী ও যন্ত্রপাতির গুণমান নিয়মিত পরীক্ষা করা হতো না। ক্যাটেলটির ফিটনেস যাচাই না করেই শ্রমিকদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। অতীতেও এই একই চত্বরে কাজের সময় দুর্ঘটনা ঘটে এক শ্রমিকের মৃত্যুর নজির রয়েছে বলে দাবি স্থানীয়দের।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার সংস্থার কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।