নিউজ ডেস্ক: দেশের সুরাপ্রেমীদের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’কে ঘিরে তৈরি হল বড়সড় আইনি জটিলতা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথারিটি অব ইন্ডিয়া -র আপত্তির জেরে এই জনপ্রিয় পানীয়টিকে আর সরাসরি ‘রাম’ হিসেবে বিক্রি করা যাবে না বলে জটিলতা তৈরি হয়েছে। বম্বে হাইকোর্টে চলা একটি মামলার শুনানিতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ওল্ড মঙ্ক প্রস্তুত করতে মূলত নিউট্রাল স্পিরিট এবং কৃত্রিম ফ্লেভারিং ব্যবহার করা হয়। ফলে নিয়মানুযায়ী এটি খাঁটি রামের আওতায় পড়ে না।
খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, পণ্যটির মূল চরিত্র অনুযায়ী এটিকে বড়জোর ‘রাম-ফ্লেভারযুক্ত স্পিরিট’ হিসেবে বাজারজাত করার অনুমতি দেওয়া যেতে পারে। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি গৌতম এ আনখাড়-এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে পণ্যের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বোতলের গায়ে লেখা ‘৭ ইয়ার্স ওল্ড ব্লেন্ডেড’ শব্দবন্ধটি নিয়ে আদালত পর্যবেক্ষণ করে যে, এটি সাধারণ ক্রেতাদের মধ্যে পানীয়টি সাত বছর ধরে সংরক্ষিত বা ‘এজড’ করা হয়েছে বলে ভুল ধারণা তৈরি করতে পারে।
একই সঙ্গে মোড়কের তথ্য সাধারণ মানুষের সহজে পড়ার উপযোগী আকারে ছাপারও নির্দেশ দিয়েছে আদালত। প্রস্তুতকারক সংস্থার তরফে ওই বিভ্রান্তিকর শব্দবন্ধটি সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি সংশোধিত লেবেল আদালতে জমা দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে নিয়ামক সংস্থার সম্মতির ভিত্তিতেই নির্ধারিত হবে পণ্যটির ভবিষ্যৎ রূপরেখা।
সংস্থার আইনজীবী আদালতে দাবি করেছেন, দীর্ঘ চার মাস ধরে পণ্য বাজারে বিক্রি করতে না পেরে সংস্থাটি প্রতিদিন প্রায় এক কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। প্রসঙ্গত, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেশন অনুযায়ী, রাম বা হুইস্কির নিজস্ব প্রাকৃতিক স্বাদ বজায় রাখা বাধ্যতামূলক।
বাইরে থেকে ফ্লেভার মিশিয়ে কৃত্রিম স্বাদ তৈরি করলে তা আইন লঙ্ঘনের সামিল। এই একই নিয়মের বেড়াজালে ওল্ড মঙ্ক ছাড়াও ম্যাকডাওয়েলস, রয়্যাল চ্যালেঞ্জ কিংবা অ্যান্টিকুইটি ব্লু-র মতো একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বেশ কিছু ভ্যারিয়েন্টও খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থার আপত্তির মুখে পড়েছে।