উত্তর ২৪ পরগনা, নিউজ ডেস্ক:নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়ায়। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। অভিযোগ, এলাকায় কয়েক জনকে মদ্যপানে বাধা দিয়েছিলেন বলেই তাঁকে খুন করা হয়েছে। ইতিমধ্যে, তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, মৃতের নাম শেখর চৌধুরী ওরফে বান্টি (৩০)। তিনি নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন। গাড়ুলিয়া পুরসভা এলাকায় মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন শেখর চৌধুরী। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি ক্লাবে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক। সেই মদ্যপানের প্রতিবাদ করায় প্রথমে হাতাহাতি ও পরে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ।
এই খবর জানাজানি হতেই নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তার পুত্র আদিত্য সিং ঘটনাস্থলে পৌঁছন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন তাঁর চিকিৎসা চলার পর রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকি চৌধুরী, আমান চৌধুরি ও পিন্টু চৌধুরিকে গ্রেফতার করেছে ৷ তাঁদের বিরুদ্ধে আগেই মাদকদ্রব্য বিক্রি-সহ বহু অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ একইসঙ্গে
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ওই ঘটনায় আরও কেই জড়িত রয়েছে কিনা,
শনাক্ত করার চেষ্টা করছে ৷