হুগলি, নিউজ ডেস্ক: আইন অমান্য করে এলাকায় অশান্তির অভিযোগ! গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজ। জানা গিয়েছে, গত সোমবার রাতে হুগলির চুঁচুড়া থানার পুলিশ উত্তরপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে। এছাড়ও, আরও দু'জন সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অগাস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে বামেদের একটি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। জেলাশাসকের দফতরের দিকে যাওয়ার পথে বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয়েছিল। অভিযোগ,সেই ব্যারিকেড অতিক্রম করে এগোনোর চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকদের একাংশ। এরপর পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
ওই দিনের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে দাবি। পুলিশের তরফেও দুই কর্মী আহত হওয়ার কথা জানানো হয়েছিল। ঘটনার পর প্রায় ৪০ জন বাম কর্মী-সমর্থককে আটক করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনও পেয়ে যান তাঁরা। তবে তদন্ত এগোনোর পর ঘটনার প্রায় দু’সপ্তাহের মাথায় প্রাক্তন বিধায়ক-সহ আরও তিনজনকে গ্রেফতার করা হল।
পুলিশের অভিযোগ, ওই দিনের কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এবং সরকারি নির্দেশ অমান্য করার মতো ঘটনা ঘটেছিল। সেই মামলার তদন্তেই নতুন করে এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে খবর।