দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম মৌসুনি আইল্যান্ড। দীঘা, পুরী, দার্জিলিং-এর পরেই এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি স্থান পেয়েছে। কমবেশি সারা বছরই পর্যটকদের ঢল নামে এই পর্যটন কেন্দ্রে। এর সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন ভরে যায় পর্যটকদের। এবার পর্যটনের এই জায়গাতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। যা রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে এলাকার মানুষদের।
দীর্ঘদিন ধরে চলছিল জমি বিবাদ। আত্মার জের দিয়ে পড়ল হাতাহাতিতে। তাতেই রক্তাক্ত হয়ে ওঠে মৌসুনি। নিজেদের চাষের জমিতে ধান রোয়ানোর কাজ চলাকালীন একই পরিবারের সদস্যদের উপর রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌসুনির বালিয়াড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁরই এক নিকটাত্মীয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই পুরনো বিবাদের জেরেই রবিবার চাষের জমিতে হামলার ঘটনা ঘটে।
মোবারক হোসেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজেদের জমিতে ধান রোয়ানোর কাজ করছিলেন। ঠিক সেই সময়তেই ১০-১২ জন এসে তাদের উপর হামলা চালায়। রড, বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপ ও রড-বাঁশের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক হোসেন, তাঁর স্ত্রী, ছেলে ও বৌমা। আচমকাই এই হামলার ফলে তারা গুরুতর আহত হন বলে অভিযোগ।
হামলাকারীদের বাধা দিতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রবিবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।