কলকাতা, নিউজ ডেস্ক: সাধারণ মানুষ সরকারি পরিষেবা নিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। কখনও কোনও নথি নিয়ে সমস্যা, কখনও সরকারি পরিষেবা পেতে দেরি, আবার কখনও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো প্রয়োজন হয়। কিন্তু অনেকসময় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার কথা জানানোর জন্য সঠিক আধিকারিকের কাছে পৌঁছোন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার সেই জায়গাতেই বদল আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রশাসনিক স্তরে নতুন ব্যবস্থা চালু করার নির্দেশ দিল নবান্ন।
সূত্রে খবর নবান্নের নতুন নির্দেশ অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাধারণ মানুষদের জন্য সরকারি আধিকারিকদের সঙ্গে সরাসরি দেখা করার ব্যবস্থা থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুদিন কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরকারি আধিকারিকেরা সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছে। এমনকি, নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট অফিসাররা কোনও কাজেই ওই সময় বাইরে যেতে পারবেন না।
জানা গিয়েছে, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরের অফিসারদেরও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, এসপিডিও, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, থানার ইন্সপেক্টর এবং ওসির সঙ্গে দেখা করার সুযোগ থাকবে সাধারণ মানুষের। এছাড়াও এই নির্দেশিকার আওতায় রয়েছেন বনদপ্তরের PCCF থেকে শুরু করে DFO এবং অতিরিক্ত DFO এবং রেঞ্জার পর্যায়ের আধিকারিকেরা।
এছাড়াও, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সরকারি মোবাইল নম্বর এবং ইমেইল প্রকাশ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি ওয়েবসাইটেও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা নির্দেশে বলা হয়েছে। এই নতুন নির্দেশিকা সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্যের কর্মীবর্গ দপ্তর। এখন, দেখার বিষয় এই নতুন সরকারি নির্দেশিকা সাধারণ মানুষের ঠিক কতটা সাহায্যে আসে।