কলকাতা, নিউজ ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে ভয়াবহ হড়পা বানের দুর্যোগে আটকে পড়া ভারতীয় পুণ্যার্থী ও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৩৩ জন ভারতীয় আটকে আছেন নেপালে। প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশে বিপন্ন তীর্থযাত্রী, পর্যটক, ব্যবসায়ী ও কর্মীদের সুরক্ষায় প্রশাসন নিরবচ্ছিন্নভাবে তৎপর রয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজের দ্রুত সমন্বয় সাধনের লক্ষ্যে তিনি অবিলম্বে কলকাতার ভবানী ভবন কন্ট্রোল রুম ০৩৩-২৪৭৯৩৩১১, +৯১ ৯১৪৭৮৯০১৮১ এবং কাঠমান্ডুর ভারতীয় দূতাভাসের জরুরি হেল্পলাইন +৯৭৭ ৯৮৫১৩১৬৮০৭, +৯৭৭ ৯৭০৯১০৭৫০০ নম্বর প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কৈলাস-মানসসরোবর যাত্রায় যাওয়া শতাধিক ভারতীয় পুণ্যার্থীর নিখোঁজ হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। এই অবস্থায় কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস ও নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে রাজ্য সরকার ক্রমাগত যোগাযোগ বজায় রেখে চলেছে। রাজ্যের ঠিক কতজন বাসিন্দা এই প্রাকৃতিক দুর্ঘটনায় প্রভাবিত বা নিখোঁজ হয়েছেন, সেই তথ্য সর্বক্ষণ যাচাই করে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল অগ্রাধিকার।
প্রসঙ্গত, বুধবার সকালে তিব্বতের দিক থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে ভোতে কোশি নদীর জলস্তর আকস্মিক বৃদ্ধি পেয়ে রসুয়া, ধাদিং ও নুওয়াকোট সংলগ্ন বহু এলাকা মুহূর্তের মধ্যে প্লাবিত হয়। তীব্র স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক জনপদ। শেষ খবর পাওয়া পর্যন্ত দেড় শতাধিক মানুষের মরদেহ উদ্ধার হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রায় চার শতাধিক নিখোঁজ পর্যটকের সন্ধানে নেপালি সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক স্তরেও দ্রুত পদক্ষেপ নিয়েছে দিল্লি। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে ফোনে কথা বলে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে ১০ টন জরুরি ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভারতীয় ভূখণ্ডে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং উদ্ধার তৎপরতা বজায় রাখতে ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বলকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।