কলকাতা,নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস জারি বুধবারও। আবহাওয়া অফিস কলকাতা সহ ১২টি জেলাতে সতর্কতার বিজ্ঞপ্তি দিয়েছে। নিম্নচাপের প্রভাব বেশি থাকাতেই দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির পূর্বাভাস। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। কেমন থাকবে আজ (২৬শে অগাস্ট,২০২৬) রাজ্যের আবহাওয়া? জেনে নেব সেই রিপোর্ট-
কলকাতায় আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন থাকবে। সারাদিন ধরেই বিভিন্ন সময়ে বৃষ্টির পূর্বাভাস।বেলা বাড়তেই মহানগরের বেশ কয়েক জায়গায় বৃষ্টির তীব্রতা বাড়ার পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২° সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ০.৬° সেলসিয়াস বেশি। আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ০.৭° ডিগ্রি কম।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বেশ কয়েক দফা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোচবিহার, কালিম্পং,দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
নিম্নচাপের প্রভাব বেশি থাকায়, দিঘা সহ সমুদ্র সংলগ্ন অঞ্চলে জারি সতর্কতা। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।