নয়াদিল্লি, নিউজ ডেস্ক: জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক ঘিরে এবার সরাসরি সরকারের অবস্থান জানতে চাইলো 'ককরোচ জনতা পার্টি' বা CJP। একইসঙ্গে, এই আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত কি, সেটিও প্রকাশ্যে জানানোর দাবি উঠেছে।
গত ২১ শে আগস্ট দিল্লির যন্তর মন্তরে 'রিজার্ভেশন হটাও' আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের মূল দাবি, সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সুযোগ দেওয়ার ক্ষেত্রে জাতিগত পরিচয়ের পরিবর্তে আর্থিক পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর মধ্যেও আর্থিকভাবে সচ্ছল অংশকে সুবিধার বাইরে রাখার জন্য ‘ক্রিমি লেয়ার' নীতি আরও কঠোর করার দাবি জানানো হয়েছে।
এরপর, ২৭ আগস্ট আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে তিনি জানান, হর্ষ দুবে, রনবাহাদুর সিং চৌহান এবং মৃত্যুঞ্জয় পাঠক-সহ আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে জানান তিনি।
তবে, এদিন বৈঠকের পরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। CJP - এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে প্রশ্ন তুলেছেন নাড্ডার বক্তব্যে, ২১ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না কেন? তাঁর দাবি, সরকারের অবস্থান সাধারণ মানুষের সামনে পরিষ্কার করা প্রয়োজন।
অভিজিৎ আরও জানতে চেয়েছেন, সংরক্ষণবিরোধী এই আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মতামত কি? সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবী জানিয়েছেন তিনি। এদিকে একই ইস্যুতে সরব হয়েছে 'আম আদমি পার্টিও'। দিল্লি আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ কেন্দ্রের কাছে সংরক্ষণ ব্যবস্থা পুনর্বিবেচনার দাবির বিষয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। ফলে, নাড্ডার বৈঠকের পর সংরক্ষণ ইস্যুতে রাজনৈতিক জল্পনা আরও বাড়ল বলেই মনে করেছে রাজনৈতিক মহল।