নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকেও শেষ পর্যন্ত তৈরি হল একাধিক প্রশ্ন। কখনও আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব, আবার কখনও তদন্তের প্রশ্নে অস্বস্তি, গত কয়েক মাসে বদলে গিয়েছিল ছবিটা। একের পর এক অভিযোগের মধ্যে দায়িত্ব পালনও কার্যত কঠিন হয়ে উঠেছিল। প্রশাসনিক ছুটির পর এবার সেই অধ্যায়ে নতুন মোড়।
WHO এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার, তিনি WHO এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে পদত্যাগ পত্র দেন। তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে। ২০২৪ সালের গোড়ায় পাঁচ বছরের মেয়াদে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সায়মা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর তাঁকে ঘিরে তদন্তের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করে। এরপর WHO-এর তরফ থেকে তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয় এবং পরবর্তীতে সেই ছুটি বিনা বেতনে দীর্ঘায়িত হয়।
সূত্রে খবর, WHO-এর তরফে সায়মার বিরুদ্ধে চীন সফর সংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছিল। এমনকি, বাংলাদেশের একটি জমি বেআইনিভাবে অধিগ্রহণের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়। যদিও, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন সায়মা। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিতে বলা হয়, চীন সফর সংক্রান্ত ৯০১ ডলারের বিষয়টি কোনও ব্যক্তিগত জালিয়াতি নয় বরং প্রশাসনিক ভুলের ফল। শিক্ষাগত যোগ্যতার বিষয়েও তিনি জানান, অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মানসূচক ডক্টরেট বিষয়টি WHO-কে জানানো হয়েছিল।
জমি সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেও সায়মার বক্তব্য, WHO-তে যোগদান করার আগেই তিনি জমিটি অধিগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের একটি আইনের আওতায় ওই সম্পত্তির অধিকার তাঁর রয়েছে। তাঁর পদত্যাগপত্রে সায়মা WHO নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছেন। একইসঙ্গে, দীর্ঘ সময় বেতন না পাওয়ায় আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে সূত্রের খবর, সায়মার পরিবর্তে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রস্তুতি শুরু করতে পারে WHO। আগামী অক্টোবর থেকে মনোনয়ন এবং পরবর্তী সময়ে যাচাই-বাছাইয়ের পর জানুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।