নিউজ ডেস্ক : একটি সিদ্ধান্তকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে অভয়া কাণ্ডের প্রতিবাদী মহল। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে থাকা আন্দোলনকারীদের মনে উঠেছে একাধিক প্রশ্ন। তদন্তের গতি, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে তাঁদের অসন্তোষ এবার প্রকাশ্যে। সেই ক্ষোভকে সামনে রেখে এবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল দুই প্রতিবাদী সংগঠন 'ভয়েস অফ অভয়া' ও 'ভয়েস অফ ওম্যান'।
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনকে কেন্দ্র করেই এই বিতর্ক। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হল ১৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধা তালিকায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায়। তবে, এটি অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় জামিনের সিদ্ধান্ত নয় বলে জানা গিয়েছে।
বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ জানায়, সন্দীপ ঘোষ দু বছরের বেশি সময় হেফাজতে রয়েছেন। মামলার ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাতজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। দীর্ঘদিন আটক থাকা এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি বিবেচনা করে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ২৩ ফেব্রুয়ারি ২০২৬ এর জামিন খারিজের নির্দেশ বাতিল করে। জামিনের শর্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট বিচারিক আদালতকে।
এদিকে, ২৪ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অনিকেত মাহাতো-সহ আন্দোলনকারীরা তদন্তের গতি, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন বলে আয়োজকদের বক্তব্য। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সন্তোষজনক নয়। তবে এগুলি
আন্দোলনকারীদের বক্তব্য। এর সঙ্গে আদালতের পর্যবেক্ষণ এবং তাঁদের অভিযোগকে পৃথকভাবে দেখা জরুরী। একইসঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামো, সরকারি হাসপাতালে পরিষেবার ঘাটতি এবং রোগীদের বেসরকারি হাসপাতালের স্থানান্তরের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর আর জি কর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মহিলাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে। পাশাপাশি, অভয়ার মা-বাবাকেও এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলা হয়েছে। সংগঠনের নেতৃত্বদের বক্তব্য, বিচার ও জবাবদিহির দাবিতে আন্দোলন চলবে। সন্দীপ ঘোষের জামিনকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে ফের পথে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রতিবাদকারীরা।




