ফরাক্কা, নিউজ ডেস্ক: ট্র্যাক মেরামতের কাজ সফলভাবে শেষ হওয়া এবং পরীক্ষামূলক ট্রায়াল রান সফল হওয়া সত্ত্বেও ফরাক্কায় এখনই আপ লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করতে চাইছে না পূর্ব রেল কর্তৃপক্ষ। সুরক্ষাজনিত কারণ ও অপারেশনাল জটিলতার জেরে রবিবার আপ লাইনে পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর জেরে রবিবার নির্ধারিত সূচি অনুযায়ী ফরাক্কার ওপর দিয়ে চলাচলের কথা থাকলেও শেষ মুহূর্তে হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতগামী একগুচ্ছ গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানোর নির্দেশ জারি করেছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির সামাল দিতে মূলত তিনটি বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা সেকশন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, হাওড়া–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ–নাহারলাগুন এক্সপ্রেস, এসএমভিবি বেঙ্গালুরু–আগরতলা হামসফর এক্সপ্রেস এবং শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসকে।
অন্যদিকে, শতাব্দী এক্সপ্রেস ছাড়াও তিলডাঙা–বল্লালপুর–নিউ ফরাক্কা রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কিউল–মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস–গুয়াহাটি এক্সপ্রেস এবং হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের গতিপথ।
এছাড়া ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ শাখায় ঘুরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী একাধিক রাতের প্রধান ট্রেনকে। এই তালিকায় রয়েছে শিয়ালদহ থেকে ছাড়া কাঞ্চনকন্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস। যাত্রাপথ পরিবর্তনের কারণে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট যাত্রীদের রেলের হেল্পলাইন বা অনলাইন পোর্টালে ট্রেনের বর্তমান অবস্থান যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পূর্ব রেল।