কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর মাত্র কয়েক মাসের মধ্যেই আবারো বাড়ল সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতার অঙ্ক। প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য নির্ধারিত মাসিক ভাতা আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফলে যোগ্য উপভোক্তারা এবার থেকে মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন।
রাজ্যে ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকার এই ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করেছিল। অগাস্ট মাস থেকেই সেই ভাতা পাওয়ার কথা ছিল উপভোক্তাদের। সোমবারে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিন ভাতা বৃদ্ধির কথা জানান।
তিনি আরো জানান, আগামী দিনে সমস্ত তথ্য যাচাইয়ের পর যোগ্য উপভোক্তারা ২০০০ টাকা করে পাবে। কিন্তু নতুন সিদ্ধান্তের সঙ্গে বড় প্রশাসনিক পরিবর্তনের কথাও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই তিনটি ভাতার ক্ষেত্রে তৃণমূল সরকারের আমলে করা আবেদন পত্র কার্যকরী হবে না। ফলে প্রত্যেককে নতুন করে আবেদন জমা করতে হবে। পূর্বে যারা এই আবেদন করেছিলেন তা কোনোভাবেই গ্রাহ্য হবে না।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনপত্রগুলি কঠোর ভাবে ঝাড়াই-বাছাই করা হবে। আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতার মাপকাঠি খতিয়ে দেখার পরই চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করবে প্রশাসন। তারপরেই আরো ৫০০ টাকা বাড়ানো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য ক্ষমতায় আসার পর সমস্ত ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেইমত সরকার গঠনের পরেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছিল।
তবে মাসে দুই হাজার টাকা হারে বর্ধিত ভাতা কবে থেকে দেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, নতুন আবেদন গ্রহণ ও যাচাইয়ের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। ফলে আগামী অর্থবর্ষের শুরু, অর্থাৎ এপ্রিল থেকে বর্ধিত ভাতা চালুর সম্ভাবনা রয়েছে।