JAZZBAAT 24 বাংলা ডেস্ক: আসন্ন উৎসবের মরশুমে দেশজুড়ে ব্যাহত হতে পারে সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা। কর্মীদের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই নিয়ে চূড়ান্ত বৈষম্যমূলক নীতির প্রতিবাদে আগামী মাস থেকেই দেশব্যাপী দফায় দফায় কর্মবিরতির ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের শীর্ষ সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন’। দাবি আদায়ে শেষ পর্যন্ত লাগাতার অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা।
ইউনিয়নের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের প্রতীকী ব্যাঙ্ক ধর্মঘট পালিত হবে। এরপর মাসের শেষলগ্নে অর্থাৎ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন সমস্ত ব্যাঙ্কিং কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং দাবি পূরণে কোনও রফাসূত্র না মিললে আন্দোলন আরও তীব্রতর করার পথে হাঁটবে সংগঠনটি। সেই অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটে সামিল হবেন ব্যাঙ্ক কর্মীরা।
অক্টোবর মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং সেই সঙ্গেই দেশজুড়ে শুরু হয়ে যায় টানা উৎসবের আবহ। এই সময়ে কেনাকাটা থেকে শুরু করে উৎসবের বোনাস, বেতন এবং সাধারণ বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যাঙ্কের উপর অতিরিক্ত চাপ থাকে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা কর্মবিরতির জেরে এটিএম ও শাখা স্তরের পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সব পক্ষকেই চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।




