কলকাতা, নিউজ ডেস্ক: বাংলার SIR বা ভোটার তালিকার Special Intensive Revision সংক্রান্ত মামলায় ফের জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে কমিশনকে নোটিশ দিয়ে ট্রাইব্যুনালে কতগুলি মামলা বিচারাধীন, কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং দ্রুত বাকি মামলাগুলি শেষ করতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানাতে বলেছে শীর্ষ আদালত।
সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহন। শুনানি শুরুতে আদালত জানতে চায়, বর্তমানে ট্রাইব্যুনালগুলিতে মোট কতগুলি মামলা চলছে এবং মামলাগুলিকে বিষয় বা প্রকৃতি অনুযায়ী আলাদা করে দেখা হচ্ছে কি না।
শুধু বিচারাধীন মামলা নয়, SlR-এ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং নাম বাদ দেওয়ার আবেদন নিয়েও কমিশনের কাছে পরিসংখ্যান চেয়েছে আদালত। প্রায় সাত লক্ষ মানুষ নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করেছে বলে দাবি করা হয়েছে। এই আবেদনগুলির ক্ষেত্রে এখনও পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চেয়েছে আদালত।
এদিন কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান অতিরিক্ত ট্রাইব্যুনাল তৈরি করা এবং বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কমিশন ও কলকাতা হাইকোর্টের মধ্যে আলোচনা চলছে। আগামী সোমবারের মধ্যে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আদালতকে জানানো হয়েছে।
SIR নিয়ে শুনানিতে আরও একবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করেছে এস আই আর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ পড়ার অর্থ তাঁর নাগরিকত্ব চলে যাওয়া নয়। একইভাবে শুধু নাম বাদ যাওয়ার কারণে কোনও ব্যক্তি সামাজিক বা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন, এমনটাও নয়। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়েই উদ্বিগ্ন আমরা। এই মুহূর্তে নির্বাচনের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভাবছি না।”
আদালতে আরও জানানো হয়েছে, RTI তে পাওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি কমিশনের কাছ থেকে প্রায় ৩৮ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ৮২ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং সেই নিষ্পত্তি হওয়া আবেদনগুলির মধ্যে প্রায় ৭৫ হাজারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এখন কমিশনের হলফনামার দিকে নজর সুপ্রিম কোর্টের। মোট কত নাম অন্তর্ভুক্তির আবেদন এবং কত নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে তার পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দিতে হবে। SIR ঘিরে চলা আইনি টানাপোড়নে এদিনের শুনানিতে তাই মূল প্রশ্ন হয়ে দাঁড়ালো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া কিভাবে আরও স্বচ্ছ ও দ্রুত করা যায়।