কলকাতা, নিউজ ডেস্ক:শিরোনামে প্রাক্তনের বনাম বর্তমান মুখ্যমন্ত্রী। 'ফেসবুকেই থাকুন, আপনাকে রাস্তায় বেরতে হবে না৷ রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও আমি করব।' সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রীতিমতো 'হুঁশিয়ারি' দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তারই প্রতিবাদে সরব হলেন কুণাল ঘোষ।
সমাজমাধ্যমে কুণাল বিজেপিকে নিশানা করে লিখেছেন, 'কোনও তুলনা নয়, শুধু ঘটনার উল্লেখ।
1940- নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামলাতে না পেরে গৃহবন্দী করেছিল বৃটিশ সরকার। 2026- প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে না পেরে তাঁর বেরনো বন্ধ করার কথা বলল বিজেপি সরকার।'
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোমবার ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মমতাকে নিশানা করে কড়া ভাষায় শুভেন্দু বলেন, 'ফেসবুকেই থাকুন আপনি, বিকেলবেলা। রাস্তায় যাতে বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব।' বারুইপুর ও হালিশহরের প্রসঙ্গ টেনে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বারুইপুরে গোল খেয়েছেন, হালিশহরেও চেষ্টা করেছিলেন, সেখানেও গোল খেয়েছেন।’
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও মমতার অভিযোগের পাল্টা জবাব দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ‘যোগ্যরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষ প্রকল্পটির সুবিধা পেয়েছেন বলে দাবি করেন তিনি। অন্নপূর্ণা পোর্টালে প্রায় সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে। তথ্য যাচাই করে যোগ্যদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে।ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না। সবাই টাকা পাবেন।’