নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সিজেপি প্রধানকে। শান্তি বিঘ্নিত করা যাবে না, এই মর্মে বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার কনট প্লেসে তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। সেই মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিজিৎ। সেই সময়ই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ এবং ১৭০ ধারায় ব্যবস্থা গ্রহণের পর অভিজিৎ দীপকেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। একই দিনে আটক করা হয়েছিল AISA-র সভানেত্রী নেহা বোরাকেও। নেহা মুক্তি দিলেও, দিল্লি পুলিশ অভিজিৎকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছে বলে জানা গিয়েছে।
এর আগে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে মুম্বাই থেকে দিল্লিতে আসা মাত্রই বিমান থেকে আটক হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে গ্রেফতারির ভয় দেখিয়ে তাঁকে আন্দোলন থেকে সরানো যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। অভিজিৎ দীপকে বলেছিলেন, 'গ্রেফতার করলে গ্রেফতার হব।' সেই আশঙ্কাই হল সত্যি। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগেই বাড়ি থেকে আটক হন অভিজিৎ। এবার শর্তসাপেক্ষে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে। ৫০০০০ টাকার বন্ডে সই করতে হচ্ছে তাঁকে। জানাতে হয়েছে, শান্তিভঙ্গ করবেন না বলে লিখতে হয়েছে। তবে অভিজিতের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বন্ডে সই করার পরই অভিজিৎকে ছেড়ে দিতে বলা হয়েছে।




