নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের রামপুরে জেলে বন্দি সমাজবাদী পার্টির নেতা আজম খানের সঙ্গে দেখা করলেন দলের প্রধান অখিলেশ যাদব। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন। সাক্ষাৎ শেষে জেলের বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে অখিলেশ জানান, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে আজম খানের সঙ্গে আলোচনা হয়েছে।
অখিলেশের বক্তব্য অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে আসন বণ্টন এবং প্রার্থী নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। পাশাপাশি, বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও আজম খানকে দেখানো হয়েছে বলে জানান সমাজবাদী পার্টির প্রধান। আগামী নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে প্রার্থী তালিকা বা আসন বণ্টন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
আজম খান দীর্ঘদিন ধরে এই অঞ্চলের একজন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে বিবেচিত হয়ে আসছেন এবং তিনি রামপুর বিধানসভা আসন থেকে দশবার জয়ী হয়েছেন। ২০১৯ সালে একটি বিদ্বেষমূলক মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন আজম। তার পরেই রামপুরের বিধায়ক পদ খোয়াতে হয় সমাজবাদী পার্টির এই নেতাকে। অখিলেশ যাদব এর আগে লোকসভা নির্বাচনের ঠিক আগে, ২০২৪ সালের মার্চ মাসে রাজনৈতিক কৌশল এবং দলের প্রার্থীদের নিয়ে আলোচনা করতে সীতাপুর জেলে খানের সঙ্গে দেখা করেছিলেন। উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলের বক্তব্য, মুসলিম ভোটকে পুরোপুরি সমাজবাদী পার্টির বাক্সে টেনে আনতেই অখিলেশ যাদব রামপুর জেলে আজম খানের সঙ্গে দেখা করলেন।




