কলকাতা, নিউজ ডেস্ক: দুর্গাপুজোর মধ্যে দু’দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায়। ওখানেই রাত্রিবাস করার কথা শাহের। রবিবার একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, আজ বিকেল ৫ টা ৪৫ মিনিটে গুজরাতের আমেদাবাদ থেকে রওনা হয়ে রাত ৮ টা নাগাদ কলকাতায় এসে পৌঁছবেন ৷ এরপর সড়কপথে আলিপুরের ‘সৌজন্য’-তে যাওয়ারা কথা রয়েছে অমিত শাহের৷ রাতে সেখানেই থাকবেন। পরের দিন ১৮ অক্টোবর অর্থাৎ রবিবার সকালে বেলুড় মঠে গিয়ে পুজো দেবেন অমিত শাহ। এরপর হাওড়ার বালিতে দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজোয় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে কলকাতায় ফিরে শোভাবাজার রাজবাড়ির পুজোয় যোগ দিতে পারেন তিনি। পাশাপাশি চেতলা ২৪ পল্লি ও লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপেও যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এই সফরে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শোভাবাজার রাজবাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে। রবিবার রাজবাড়ির প্রাঙ্গণে কড়া পুলিশি নজরদারি থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। রবিবারের সমস্ত কর্মসূচি শেষ করে দিল্লি ফিরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর এই বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।
রাজ্যে পালাবদলের প্রথম দুর্গাপুজো। মহালয়ায় ইডেন গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে দুর্গাপুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনা গিয়েছিল, সেই অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও শেষপর্যন্ত আসতে পারেননি তিনি। তবে পরে খবর পাওয়া যায় পুজোর মধ্যেই রাজ্যে আসতে পারেন শাহ। এবার তাঁর আসার সূচি মিলল। গত বছরও পুজোর সময় পশ্চিমবঙ্গে এসেছিলেন শাহ।




