স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ফেরার দরজা তো খুলেছে। কিন্তু তাতেই সন্তুষ্ট নন অনয়া বাঙ্গার। বরং লক্ষ্যটা এ বার আরও বড়। সেটা হল, ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার জানিয়েছেন, আসলে দেশের জার্সিতে খেলাই তাঁর স্বপ্ন। সেই স্বপ্নের পথে প্রথম বড় ছাড়পত্রটিও মিলে গিয়েছে ইতিমধ্যে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে কমিউনিটি এবং প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে। তার পরই অনয়ার মুখে দেশের কথা।
লিঙ্গ বদলে ছেলে থেকে মেয়ে হয়েছেন অনয়া। অস্ত্রোপচারের পর ক্রিকেটে ফেরার পথে পর পর বাধার মুখে পড়তে হয়েছে অনয়াকে। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবেই দেখছেন তিনি। আপাতত অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেকে ফের প্রমাণ করার লক্ষ্যই তাঁর। পাশাপাশি ভবিষ্যতে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পাওয়াও অন্যতম লক্ষ্য।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রদত্ত এই ছাড়পত্রই যে সরাসরি সর্বোচ্চ পর্যায়ে খেলার লাইসেন্স নয়, সেটা বিলক্ষণ জানেন অনয়া। তিনি জানেন, ফেরার লড়াইটা তাঁকে ২২ গজেই জিততে হবে। ফলে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে নিজের দক্ষতা প্রমাণ করে ধাপে ধাপে আরও উপরে ওঠার পরিকল্পনাই করছেন তিনি। আগামী ২০২৭ সালের মার্চ থেকে এলিট স্তরের ক্রিকেটে ফেরার সম্ভাবনাও তাঁর সামনে রয়েছে।
তবে সবকিছুর ঊর্ধ্বে একটি স্বপ্নই তাড়া করে বেড়াচ্ছে অনয়াকে। যাবতীয় বাধা পেরিয়ে তাঁর চোখ এখন ভারতীয় মহিলা দলের দিকে। শুধু হরমনপ্রীত, স্মৃতিদের সঙ্গে দেশের হয়ে খেলাই নয়। এক দিন ভারতের হয়ে বিশ্বকাপ জেতারও স্বপ্ন দেখছেন তিনি। যদিও সেই স্বপ্ন পূরণের পথ যে দীর্ঘ এবং কঠিন, তা অনয়া জানেন। তবে ক্রিকেটের ২২ গজে ফেরার এই নতুন সুযোগকে হাতিয়ার করেই ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগোতে চান বাঙ্গারের সন্তান। ২০২৫ এর পর ফের উইমেন ইন ব্লু-কে এনে দিতে চান বিশ্বকাপ।




