নিউজ ডেস্ক: একটা সময় চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন। মুশির খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছেন। কিন্তু, লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার। কারণ, ভারতে লিঙ্গ পরিবর্তনের পর পেশাদার ক্রিকেট খেলার অনুমতি নেই। কিন্তু, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাঁকে সেই সুযোগ দিয়েছে। মহিলাদের বিগ ব্যাশ লিগে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। আর তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রূপান্তরকামী অনয়া।
https://www.instagram.com/reels/DeY_DhfiyJn/
মুম্বইয়ের ক্রস ময়দানে অনুশীলন করতে গিয়েছিলেন অনয়া। তখন সেখানে অনুশীলন করছিলেন সরফরাজ খান ও তাঁর ভাই মুশির খান। তাঁদের সঙ্গে হাত মেলান অনয়া। তারপর নিজের অনুশীলন শুরু করেন। উল্টোদিকে ছিলেন পুরুষ বোলাররা। শুরুতে কয়েকটি বলে রক্ষণাত্মক থাকলেও পরে হাত খোলেন। একের পর এক বড় শট মারেন। পেসার, স্পিনার কাউকেই তোয়াক্কা করেননি। সেই ভিডিয়ো নিজেই পোস্ট করলেন। বোঝা যাচ্ছিল, ফের মাঠে নামতে পুরোপুরি তৈরি তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে লিঙ্গ পরিবর্তনকারী খেলোয়াড়দের খেলতে বাধা নেই। মহিলাদের বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় নামার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে অনয়াকে। অনয়ার দাবি, সেই কঠিন পরীক্ষা তিনি পেরিয়ে গিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে। তবে অস্ট্রেলিয়া নয়, অনয়া চান, ভারতের হয়ে খেলতে। তিনি জানিয়েছেন, তিনি আশা করছেন, ভারতীয় বোর্ডও একদিন তাঁকে খেলার অনুমতি দেবে।