স্পোর্টস ডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের পরই কাঠগড়ায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ এক সময় বিরাট কোহলির সঙ্গে তুলনায় আসা পাকিস্তানের তারকা। আর তাতেই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি। বাবরকে রীতিমতো তুলোধোনা করে বাসিতের দাবি, সমাজ মাধ্যমে জনপ্রিয় হলেই কিংবদন্তি ক্রিকেটার হওয়া যায় না। আসল পরীক্ষা তো কঠিন সময়ে। সেখানেই বার বার ব্যর্থ হচ্ছেন বাবর।
লর্ডস টেস্টের পর সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাসিত বলেন, ‘‘কঠিন সময়েই যখন কিছুই করতে পারছ না, তখন তুমি কীসের কিংবদন্তি ক্রিকেটার? তোমার সমর্থকেরা তোমাকে শ্রেষ্ঠ বলতেই পারেন। সমাজ মাধ্যমেও তুমি কিংবদন্তি। কিন্তু মাঠে?’’ এখানেই থামেননি তিনি। বাবরকে পাকিস্তানের সর্বকালের সেরাদের তালিকায় রাখতেও আপত্তি জানিয়েছেন প্রাক্তন পাক ব্যাটার। তাঁর বক্তব্য, দেশের হয়ে বড় মঞ্চে, কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর মতো ধারাবাহিক সাফল্য বাবরের এখনও নেই।
সূত্র: https://x.com/sarkarstix/status/2094269525667791137
লর্ডস টেস্টে বাবরের পারফরম্যান্স যেন বাসিতের কথারই প্রতিচ্ছবি। প্রথম ইনিংসে ৮ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসেও বাবরের ব্যাট থেকে এসেছে মাত্র ৬। দু’বারই ক্রিজে ঠিকমতো জমে ওঠার আগেই ফিরে গিয়েছেন। চোটের কারণে লিডস টেস্টে খেলতে পারেননি তিনি। অথচ ইংল্যান্ডের মাটিতে এর আগে বাবরের রেকর্ড ছিল যথেষ্ট ভাল। ৬টি ইনিংসে তাঁর গড় ৬৫.৭৫। রয়েছে তিনটি অর্ধশতরানও। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪টি ইনিংসে তাঁর গড় ৫৩.৮৩। সাত বার পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি।
তবে সাম্প্রতিক পরিসংখ্যানই বাবরের চিন্তা বাড়াচ্ছে। ২০২৬ সালে ৮টি টেস্টে তাঁর সংগ্রহ ৩২২ রান। সবচেয়ে বড় সমস্যা, টেস্টে তাঁর শেষ শতরান এসেছিল প্রায় ৪ বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের সিরিজে অবশ্য ৩ ইনিংসে ১৯৩ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। গড় ছিল ৯৬.৫০, ছিল দু’টি অর্ধশতরান। কিন্তু লর্ডসে সেই ছন্দ উধাও। আর তাতেই বাসিতের প্রশ্ন, ‘‘কবে করবে? যখন গোটা দেশের ব্যাটিং তোমার উপর নির্ভর করছে, তখন অন্তত এমন শট খেলে আউট হয়ো না!’’ বাবরকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে বিতর্ক যে ফের তুঙ্গে, লর্ডসের ব্যর্থতা তা আরও স্পষ্ট করে দিল।




