স্পোর্টস ডেস্ক: পাঁচতারা হোটেল নয়। কিন্তু থাকার ব্যবস্থা নিয়ে আর কোনও সংশয় নেই। জাপানের নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটারদের জন্য বেছে নেওয়া হল আয়োজকদের নির্ধারিত আবাসনই। হোটেলের মান নিয়ে প্রশ্ন উঠলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি, ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে কোনও আপোষ করা হচ্ছে না। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এশিয়ান গেমস খেলতে উড়ে যাওয়ার আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, নাগোয়ায় উচ্চমানের হোটেলের সংখ্যা কম থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট ভাল এবং নিরাপদ। তাঁর কথায়, ‘‘আয়োজকেরা যে ব্যবস্থা করেছেন, সেখানেই আমরা থাকব।’’ হোটেলের ছবি এবং ভিডিয়োও ইতিমধ্যে সংগ্রহ করেছে বোর্ড।
প্রথমে অবশ্য এই আবাসন নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। নাগোয়ায় পর্যাপ্ত পাঁচতারা হোটেল না থাকায় ক্রিকেটারদের টোকিয়ো বা ওসাকায় রাখার সম্ভাবনাও উঠেছিল। কিন্তু সেখান থেকে প্রতিদিন যাতায়াত করলে সময় এবং পরিশ্রম দুটোই বাড়ত। ফলে নাগোয়াতেই থাকার সিদ্ধান্ত হয়েছে। শুক্লা অবশ্য জানিয়েছেন, ক্রিকেটারদের জোড়ায় জোড়ায় ঘর দেওয়া হবে না। প্রত্যেকের জন্য আলাদা ঘরই থাকবে। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষাও জানিয়েছেন, থাকার সমস্যা মিটে গিয়েছে। তাঁর দাবি, অন্যান্য ক্রীড়াবিদদের মতো ক্রিকেটারদের জন্যও নাগোয়ায় যতটা ভাল ব্যবস্থা করা সম্ভব, সেটাই করা হচ্ছে। যদিও ঠিক কোন হোটেলে ক্রিকেটাররা থাকবেন, তা প্রকাশ করতে চাননি শুক্লা।
আবাসন নিয়ে বিতর্কের মাঝেই বোর্ডের কাছে বড় স্বস্তির খবর মাঠের পরিস্থিতি নিয়ে। শুক্লার দাবি, আসল উদ্বেগ ছিল মাঠ, পিচ এবং ড্রেসিংরুম নিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি দল নাগোয়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। তাদের রিপোর্ট অনুযায়ী মাঠ, উইকেট এবং ড্রেসিংরুম নিয়ে আপাতত কোনও সমস্যা নেই। আবাসনের ব্যবস্থা করছে ভারতীয় অলিম্পিক সংস্থা, এশিয়ান গেমসের আয়োজক কমিটি এবং জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি। তাঁর কথায়, কোথাও কোনও খামতি ধরা পড়লে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে।
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের অভিযান শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। তবে তার আগেই ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২০ সেপ্টেম্বর টোকিয়োর উদ্দেশ্যে রওনা দেবে দল। গতবারের এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা, ক্রিকেটের দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। এ বারও শ্রেয়স-বুমরাহদের নিয়ে পূর্ণ শক্তির দলই পাঠানো হচ্ছে। ‘বি’ দল পাঠানো হচ্ছে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, তা সরাসরি খারিজ করে রাজীব শুক্লার আশা, প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতীয় দল জাপানেও নিজেদের সাফল্য ধরে রাখবে।