কলকাতা, নিউজ ডেস্ক: আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ ঘিরে তৈরি হল নতুন জটিলতা। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটারদের জন্য যে পরিকাঠামো তৈরি হয়েছে, তা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ব্যবস্থাপনা সন্তোষজনক না হলে পূর্ণশক্তির দল না পাঠিয়ে ‘বি’ দল পাঠানোর কথাও ভাবতে পারে বিসিসিআই। এমনই দাবি করা হয়েছে একটি নামী সংবাদ সংস্থার প্রতিবেদনে।
জানা গিয়েছে, জাপানে ক্রিকেটারদের জন্য ড্রেসিংরুম তৈরি করা হয়েছে তাঁবুর মধ্যে। শুধু তাই নয়। সেই তাঁবু থেকে শৌচাগারের দূরত্ব প্রায় ৫০০ মিটার। ক্রিকেটারদের থাকার হোটেলের ঘরগুলিও যথেষ্ট ছোট বলে অভিযোগ। এই ব্যবস্থাপনা নিয়ে বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই আপত্তি জানানো হয়েছে। এক বোর্ড কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জাপানের অলিম্পিক কর্তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছিল। বিসিসিআই পরিস্থিতি খতিয়ে দেখতে এক জন পর্যবেক্ষকও পাঠাতে পারে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর থেকে। মেয়েদের টি-টোয়েন্টি চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর, আর ছেলেদের প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। হাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দল সোনা জিতেছিল। এ বারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যে পূর্ণশক্তির দল ঘোষণা করা হয়েছিল। অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, অভিষেক শর্মা, ইশান কিষাণ, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন-সহ একাধিক তারকা।
অন্যদিকে মেয়েদের দলে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটাররা। ফলে শেষ পর্যন্ত পরিকাঠামোগত সমস্যার কারণে দল বদলালে তা নিঃসন্দেহে বিরাট আলোড়ন সৃষ্টি করতে পারে। আপাতত বিসিসিআইয়ের পর্যবেক্ষকের রিপোর্টের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল। জাপানের ব্যবস্থাপনা সন্তোষজনক না হলে তারকা-সমৃদ্ধ ভারতীয় দলকে সরিয়ে ‘বি’ দল পাঠানোর সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।