স্পোর্টস ডেস্ক: চার বছর পর ভারতীয় দলে ফিরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর বোলিং নজর কাড়তে পারেনি। তবে ভুবনেশ্বরের পাশে দাঁড়িয়েছেন ভারতের বোলিং কোচ মর্নে মরকেল। তাঁর স্পষ্ট বার্তা, বাড়তি প্রত্যাশার চাপ না নিয়ে নিজের স্বাভাবিক খেলায় মন দিতে হবে অভিজ্ঞ পেসারকে।
ভারতীয় দলে ফেরার আগে আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন ভুবনেশ্বর। ২০২৫ ও ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরপর দু’বার আইপিএল জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০২৬ সালের আইপিএলে ১৬টি ম্যাচে ২৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল।
কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টিতে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ভুবনেশ্বর। প্রথম ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দিয়ে উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে ৫০ রান দিয়ে পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে মরকেলের মতে, চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর সরাসরি এই পর্যায়ের ক্রিকেটে ফিরে ছন্দ খুঁজে পেতে সময় লাগতেই পারে।
Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল
সাংবাদিকদের মরকেল জানিয়েছেন, দলে ফেরার আগে ভুবনেশ্বর খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি। আইপিএলে ভাল বল করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়। তাই অভিজ্ঞ এই পেসারকে কয়েকটি ম্যাচ সময় দেওয়ার পক্ষপাতী তিনি।
মরকেলের কথায়, ভুবনেশ্বরকে শুরু থেকেই বলা হয়েছে, কোনও কিছু জোর করে অর্জন করার চেষ্টা না করে নিজের স্বাভাবিক বোলিংয়ের উপর ভরসা রাখতে। প্রতিটি ম্যাচের সঙ্গে তিনি আরও ভালো ছন্দে ফিরবেন বলেই আশা কোচের।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মায়ঙ্ক যাদবের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন মরকেল। তাঁর মতে, শিশির, মাঠের আয়তন এবং শেষের ওভারগুলিতে ইয়র্কার করার দক্ষতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।




