কলকাতা, নিউজ ডেস্ক: ‘বিগ বস’ মানেই চমক। আর বাংলায় প্রথমবার সেই চমকের দায়িত্ব যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে, তখন প্রত্যাশার পারদ যে একটু বেশি চড়বে, সেটাই স্বাভাবিক। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা’। তার আগে থেকেই অনুষ্ঠান ঘিরে নানা জল্পনা। এ বার সেই তালিকায় যোগ হল আরও দুই পরিচিত নাম। শোনা যাচ্ছে, গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভের সঙ্গেই মঞ্চে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা হরভজন সিংকে। অর্থাৎ, ক্রিকেটের দুই পরিচিত মুখের রসায়নেই শুরু হতে পারে বাংলার ‘বিগ বস’-এর নতুন অধ্যায়।
তবে শুধু ক্রিকেট নয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন জনপ্রিয় ফুটবল তারকাও। কানাঘুষো শোনা যাচ্ছে, বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। যদিও গোটা বিষয়টিই এখনও জল্পনার স্তরে। নির্মাতারা কোনও নাম নিয়েই মুখ খুলতে নারাজ। বরং শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকের কৌতূহল ধরে রাখতেই একের পর এক চমক আড়ালে রাখছেন তাঁরা। ফলে রবিবারের মঞ্চে কে কখন হাজির হবেন, তা নিয়ে দর্শকের আগ্রহও ক্রমশ বাড়ছে।
এ দিকে প্রতিযোগীদের নিয়েও কম জল্পনা নেই। টলিপাড়ার একাধিক পরিচিত নাম ঘুরছে সম্ভাব্য তালিকায়। মনামী ঘোষ, অনিন্দ্য সেনগুপ্ত, সৃজলা গুহ, সোনামণি সাহা থেকে শুরু করে ইউটিউবার ঝিলম গুপ্ত এবং কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেন—সবাইকে নিয়েই চলছে আলোচনা। আবার প্রাক্তন প্রেমিক-প্রেমিকার এক জুটিকেও নাকি একই ছাদের তলায় দেখা যেতে পারে। অর্থাৎ, ঘরে ঢোকার আগেই সম্পর্কের সমীকরণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে আসল ছবি দেখা যাবে রবিবার রাতেই।
কে প্রতিযোগী, কে অতিথি আর কোন মুহূর্তে কোন চমক—সবটাই ধীরে ধীরে সামনে আনবেন সঞ্চালক সৌরভ। ক্রিকেটের মাঠে যিনি দেশের অধিনায়কত্ব করেছেন। এ বার তাঁর সামনে সম্পূর্ণ অন্য রকমের ইনিংস। ‘বিগ বস বাংলা’র ঘরে সম্পর্ক, আবেগ, ঝগড়া, বন্ধুত্ব—সবকিছুর সাক্ষী থাকবেন মহারাজ। আর শুরুতেই যদি পাশে থাকেন হরভজন, সঙ্গে হাজির হন ফুটবলের পরিচিত মুখ। তা হলে বাংলার ‘বিগ বস’-এর প্রথম রাত যে দর্শকদের জন্য একেবারে অন্য রকম হতে চলেছে, তা বলাই যায়।