নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দ্রুত জনপ্রিয়তা আর ভিউ পাওয়ার নেশা মানুষকে ঠিক কতটা বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে, তার এক চরম ও উদ্বেগজনক প্রমাণ মিলল বিহারে। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক যুবক একটি পেট্রোল পাম্পের ডিসপেনসিং নজল থেকে সরাসরি আঁজলা ভরে জ্বালানি তেল পান করছেন। চোখ কপালে ওঠার মতো এই দৃশ্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে, সঙ্গে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি পোস্টে ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাথায় সবুজ রঙের গামছা বাঁধা এবং হাতে লাল-হলুদ সুতোর তাগা পরা এক যুবক একটি ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন। পাম্পের তেলের পাইপের নজলটি নিজের হাতের তালুর কাছে ধরে তিনি সেখান থেকে বেরোনো জ্বালানি তেল পান করছেন, যেন সাধারণ কোনো জলের কল থেকে জল খাচ্ছেন! আশেপাশের লোকজন বাধা দেওয়ার বদলে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী করছিলেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এটি স্রেফ সোশ্যাল মিডিয়ায় 'রিল' বানিয়ে রাতারাতি পরিচিতি পাওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। অনেকেই বিষয়টিতে বিহার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন, শুধুমাত্র কয়েক সেকেন্ডের জনপ্রিয়তা বা কিছু লাইক-শেয়ারের জন্য নিজের জীবন বাজি রাখা কোন স্তরের মূর্খতা?
https://x.com/NewsWatch_Ind/status/2113156487724007851
চিকিৎসকদের মতে, পেট্রোল বা ডিজেল মানবদেহের জন্য অত্যন্ত বিষাক্ত রাসায়নিক। এটি পাকস্থলীতে প্রবেশ করলে মারাত্মক বিষক্রিয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং লিভার ও কিডনির অপূরণীয় ক্ষতি হতে পারে। এর চেয়েও বড় বিপদ হলো, তরল পেট্রোলের বাষ্প যদি শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, তবে ফুসফুসের টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাৎক্ষণিক শ্বাসরোধ এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
একই সঙ্গে এই ঘটনা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের নজরদারি ও সাধারণ নিরাপত্তা ব্যবস্থার ওপরেও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কীভাবে একজন বহিরাগত ব্যক্তি সরাসরি তেলের নজল ধরে এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সুযোগ পেলেন এবং তখন পাম্পের কর্মীরা কী করছিলেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। ডিজিটাল দুনিয়ায় ফেমাস হওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন কৌশল অবলম্বন করছে কিন্তু অবিলম্বে এই ধরনের স্টান্ড বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছেন নেটিজেনরা।




