বীরভূম, স্নিগ্ধা চৌধুরী: বীরভূমের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
সোমবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই ঘোষণা করা হয়। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানানো হয়েছে, বীরভূমের দুর্ঘটনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রীর দফতরের পোস্টে বলা হয়েছে, দুর্ঘটনায় মৃত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এই আর্থিক সাহায্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
এর আগে বীরভূমে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণকাজ চালানো হচ্ছে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনায় একাধিক পরিবারের স্বজন হারানোর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে, কেন্দ্রের আর্থিক সহায়তার ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এই অর্থ কিছুটা হলেও সহায়ক হবে। রাজ্য প্রশাসনের তরফেও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।




