কলকাতা, নিউজ ডেস্ক: ফের বিতর্কে ইংল্যান্ড ক্রিকেটার । এবার পানশালায় মারামারি বিতর্কে নাম জড়ালেন ব্রাইডন কার্স । এই বিতর্কে আগে নাম জড়িয়েছিলেন বেন স্টোকস, বেন ডাকেট, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন। এবার সেই তালিকায় নাম জড়ালেন কার্স। এই বিতর্কের কারণে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল থেকে কার্সকে বাদ দিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। কার্সের জায়গায় দলে এলেন সনি বেকার। জানা যাচ্ছে, এই ঘটনার সময় কার্সের সঙ্গে ছিলেন অধিনায়ক বেন স্টোকসও ।
সূত্রের খবর, ডার্বির একটি পানশালায় গন্ডগোলে জড়িয়েছেন কার্স। এই ঘটনার পর শনিবার রাতে ডার্বির ওই পানশালার বাইরে হাতকড়া পরা অবস্থায় কার্সকে দেখা যায়। যদিও পরে ছেড়ে দেওয়া হয় কার্সকে। জানা যাচ্ছে, কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের জয় সেলিব্রেট করতেই ওই পানশালায় গিয়েছিলেন কার্স। সঙ্গে ছিলেন স্টোকস এবং ম্যাট পটস। সূত্রের খবর, ক্রিকেট রেগুলেটর’ নামে এক সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ।
এই নিয়ে সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার জন্য ‘ক্রিকেট রেগুলেটর’ নামে এক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য । যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং পূর্ণাঙ্গ তথ্য এখনও মেলেনি, তাই দ্বিতীয় টেস্ট থেকে কার্সকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে সনি বেকারকে। সূত্রের খবর, ‘ক্রিকেট রেগুলেটর’ একটি স্বাধীন সংস্থা। কেউ ইসিবি-র নিয়ম ভাঙলে তারা স্বাধীন ভাবে তদন্ত করে। দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হতে পারে।
ইংল্যান্ড ক্রিকেটে পানশালা বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও পানশালা বিতর্কে নাম জড়িয়েছিল স্টোকস, হ্যারি ব্রুকদের । লর্ডসে নিউজিল্যান্ডকে হারানোর পর পানশালায় হাতাহাতিতে জড়িয়েছিলেন স্টোকস ও অ্যাটকিনসন। সেই ঘটনার পর স্টোকসের আচরণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পরে তিনি আচমকাই অবসর ঘোষণা করেন। যদিও ওই ঘটনার কারণেই তিনি অবসর নিয়েছিলেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে।
অপরদিকে স্টোকসের পর ইংল্যান্ডের নেতৃত্বে এসে ক্রিকেটারদের আচরণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন জো রুট। জারি করেছিলেন ‘নাইট কার্ফু’ । তবে সম্প্রতি অধিনায়ক জো রুট ক্রিকেটারদের উপর জারি করা ‘নাইট কার্ফু’ তুলে দিয়েছিলেন। আর তার পরেই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।