কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাজকর্ম খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। এই বিশেষ সর্বভারতীয় কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হরাইজন্টাল রিভিউ’। পশ্চিমবঙ্গসহ দেশের ২২টি রাজ্যের নির্বাচিত পুরসভায় পরিদর্শন চালিয়ে বেআইনি নির্মাণ সংক্রান্ত তথ্য খুঁজবে ক্যাগের বিশেষ দল। তালিকায় রয়েছে এ রাজ্যের ১৬টি পুরসভা। রাজ্যের একাধিক পুরসভায় গত পাঁচ বছরের বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।
সরকারি দফতরের কাজকর্মে স্বচ্ছতা,আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনার ক্ষেত্রে ক্যাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ২০২৭ সালের বেশ কিছুটা সময় ধরে চলবে এই কর্মসূচি। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত পুরসভাগুলির বিল্ডিং প্ল্যান অনুমোদন এবং সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। এই তালিকায় রয়েছে আসানসোল, শিলিগুড়ি, দক্ষিণ দমদম, ডোমকল, হলদিয়া, হালিশহর, বরানগর, কৃষ্ণনগর, উলুবেড়িয়া, দার্জিলিং, উত্তরপাড়া-কোতরং, শ্রীরামপুর, বোলপুর, টাকি, কার্শিয়াং এবং কাঁথি পুরসভা।
ক্যাগের প্রতিনিধিরা পরীক্ষা করে দেখবেন, বাড়ি বা বহুতল নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না। পাশাপাশি সম্পত্তি করের ক্ষেত্রে করযোগ্য সম্পত্তির সঠিক নথিভুক্তি, কর নির্ধারণের পদ্ধতি, রাজস্ব আদায়, বকেয়া এবং সম্পত্তির পুনর্মূল্যায়নের ব্যবস্থাও পর্যালোচনার আওতায় থাকবে। এই কর্মসূচির কথা জানিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তর ১৩ অক্টোবর সংশ্লিষ্ট পুরসভাগুলিকে চিঠি দিয়েছে। প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে ক্যাগের প্রতিনিধিদের সহযোগিতা করতে বলা হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে শহরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, পুর পরিষেবা এবং একাধিক প্রকল্প পরিচালিত হয়। ফলে এই দফতরকে কেন্দ্র করে ক্যাগের বিশেষ কর্মসূচি প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ‘হরাইজন্টাল রিভিউ’-এর আওতা, পর্যালোচনার নির্দিষ্ট বিষয় এবং তার সম্ভাব্য ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
উল্লেখ্য, ক্যাগ একটি সাংবিধানিক সংস্থা, যার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারি আয়-ব্যয় এবং বিভিন্ন সরকারি সংস্থার আর্থিক কার্যকলাপের নিরীক্ষা করা। সেই নিরীক্ষার মাধ্যমে সরকারি অর্থের ব্যবহার ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যায়ন করা হয়। এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে ঘিরে ‘হরাইজন্টাল রিভিউ’ কর্মসূচির খবর সামনে আসায় পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে প্রশাসনিক মহলের।




