চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় সাতজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা (৪৮) এবং সহ-সভাপতি শান্তনু দুবে (৫৫)। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে বাঁশের কাঠামো তৈরির দায়িত্বে থাকা বিপ্লব মুখোপাধ্যায় ওরফে জয় (৪৮), ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস পরীক্ষা করার দায়িত্বে থাকা কৌশিক সাহা (৫৩) এবং পিন্টু দে (৫১)-কে।
পাশাপাশি, বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন চক্রবর্তী (৩০) ও রাজেশ পাল (২৯)-কেও গ্রেফতার করা হয়েছে। চোরবাগানের এই ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার কারণ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তদন্তে সেই বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে BNS-এর ১০৫, ১১০ ও ৩ (৫) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।
শনিবার সন্ধ্যায় চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে বিপত্তি ঘটে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মণ্ডপের বেরোনোর গেটের কাছে এই ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে সমস্যা তৈরি হয়। ঘটনায় অসুস্থ ও আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। উদ্ধারকাজে যোগ দেয় দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।




