পুরুলিয়া, স্নিগ্ধা চৌধুরী: আগামী বছর সরকারের এক বছর পূর্তিতে সরাসরি জনতার দরবারে পরীক্ষায় বসার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাজের ভিত্তিতে সাধারণ মানুষ তাঁকে নম্বর দেবেন। আর সেই পরীক্ষায় ১০-এর মধ্যে ৯ না পেলে তিনি ক্ষমা চেয়ে নেবেন বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০২৭ সালের ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এক বছর পূর্ণ হবে। সেই দিনই তিনি সাধারণ মানুষের সামনে নিজের কাজের হিসাব দেবেন। জনগণই তাঁকে নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে তিনি স্বীকার করে নেবেন যে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।
মুখ্যমন্ত্রীর কথায়, “আপনাদের সামনে পরীক্ষায় বসব। আপনারা আমাকে নম্বর দেবেন।” একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, সময় দিলে এবং বিশ্বাস ও ভরসা রাখলে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এক বছর পর মানুষই বলবেন, তাঁরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন।
এদিকে মঙ্গলবারই শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বিজেপি। সরকারের ১০০ দিনের কাজ তুলে ধরে প্রকাশ করা হয়েছে ৪১ পাতার একটি বই। দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই বই মানুষের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।
বইটিতে রাজ্যে বিনিয়োগ, বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা, প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার, মহিলা সুরক্ষা এবং আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবিও সেখানে উল্লেখ করা হয়েছে।
রাজ্য সরকারের দাবি, ক্ষমতায় আসার পর একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসে আরও একাধিক কাজ করার লক্ষ্য রয়েছে সরকারের। সেই কাজের সাফল্য-ব্যর্থতার বিচার শেষ পর্যন্ত সাধারণ মানুষই করবেন বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফলে ২০২৭ সালের ৯ মে-কে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। একদিকে সরকারের এক বছরের কাজের হিসাব, অন্যদিকে জনতার দেওয়া নম্বর, মুখ্যমন্ত্রীর এই ‘পরীক্ষা’ ঘিরে আগামী দিনে রাজনৈতিক চর্চা আরও বাড়তে পারে।