নিউজ ডেস্ক: বড় বদল আসতে চলেছে ড্রাইভিং লাইসেন্সে। এবার ড্রাইভিং লাইসেন্স তৈরির প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন আনার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। লাইসেন্স পাওয়ার জন্য অনলাইন পরীক্ষায় পাশের নম্বর বাড়ানো থেকে শুরু করে ভারতীয় ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক রঙের লাইসেন্স চালু করা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রস্তাবিত নিয়মে। পাশাপাশি বয়স ও ঠিকানার প্রমাণ হিসেবে হলফনামা গ্রহণের নিয়মেও বদল আনার কথা বলা হয়েছে। তবে এই পরিবর্তনগুলি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে।
লাইসেন্সে কী কী বদল আসতে পারে?
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা উল্লেখ করতে হবে। ভারতীয় নাগরিক ও বিদেশি নাগরিকদের লাইসেন্স চিহ্নিত করতে আলাদা রঙের ড্রাইভিং লাইসেন্স চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। লাইসেন্সে রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, জরুরি পরিস্থিতিতে যোগাযোগের ব্যক্তির বিবরণ রাখাও বাধ্যতামূলক হতে পারে। অভিযোগ, হলফনামা ব্যবহার করে ভুয়ো ঠিকানা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছিল। সেই অপব্যবহার রুখতেই যাচাইযোগ্য নথির উপর জোর দিতে চাইছে কেন্দ্র।
কোন নথিগুলি গ্রহণযোগ্য হতে পারে?
ঠিকানার প্রমাণ হিসেবে আধার, ভোটার, রেশন, বিদ্যুৎ বা গ্যাসের বিলের মতো নথি গ্রহণের প্রস্তাব রয়েছে খসড়া বিজ্ঞপ্তিতে। বিদেশি নাগরিকদের ভারতে বৈধভাবে থাকার প্রমাণ দিতে হবে। বয়সের প্রমাণ হিসেবে পাসপোর্ট, স্কুল বোর্ডের মার্কশিট, জন্ম শংসাপত্র, সরকারি দফতরের পরিচয়পত্রের কথা বলা হয়েছে। জীবনবিমার পলিসিকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ না করারও প্রস্তাব রয়েছে।
অনলাইন পরীক্ষায় বাড়তে চলেছে পাশের নম্বর
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী, নিরাপদে গাড়ি চালানো সংক্রান্ত অনলাইন টিউটোরিয়ালের মূল্যায়নে পাশের ন্যূনতম নম্বর ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হতে পারে। শুধু তাই নয়, ওই টিউটোরিয়াল অন্তত ৩০ মিনিটের হওয়া বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, নতুন নিয়ম কার্যকর হলে পরীক্ষার্থীদের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় আরও বেশি নম্বর পেতে হবে।
অনলাইন পরিষেবায় মিলতে পারে সুবিধা
অনলাইনে নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর পরিবর্তনের মতো পরিষেবা বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছে মন্ত্রক। অনলাইন আবেদনে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। আবেদন বাতিল হলে তার কারণও উল্লেখ করতে হবে। ঠিকানা পরিবর্তনের আবেদন ৩০ দিনেও নিষ্পত্তি না হলে সেটিকে অনুমোদিত বলে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। তবে এই সমস্ত নিয়ম এখনই কার্যকর হচ্ছে না। এগুলি কেন্দ্রের তরফে দেওয়া খসড়া প্রস্তাব। পরবর্তীতে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তবেই এই সমস্ত নিয়ম কার্যকর হবে।




