দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। তবে দীর্ঘক্ষণ রাস্তায় থাকা, ধুলোবালি, ঘাম ও আর্দ্র আবহাওয়ার প্রভাব পড়তে পারে ত্বকে। তাই প্যান্ডেল হপিংয়ের আনন্দ উপভোগ করার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বাড়ি থেকে বেরনোর আগে ত্বকে উপযুক্ত ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করা উচিত। রোদে দীর্ঘক্ষণ থাকলে সানস্ক্রিন পুনরায় লাগানোর প্রয়োজন হতে পারে।
ব্যাগে রাখুন এই কয়েকটি প্রয়োজনীয় জিনিস:
১) রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সঙ্গে রাখুন সানস্ক্রিন।
২) দীর্ঘক্ষণ ঘোরাঘুরির সময়ে শরীরে জলের ঘাটতি এড়াতে নিয়মিত জল খান এবং একটি বোতল অবশ্যই সঙ্গে রাখুন।
৩) ঘাম ও ধুলোর অস্বস্তি কমাতে ব্যবহার করতে পারেন ভেজ টিস্যু।
৪) ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিজের ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার সঙ্গে রাখুন।
৫) মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ ও সাজ ঠিক রাখতে ছোট কমপ্যাক্ট পাউডার এবং লিপস্টিক রাখতে পারেন।
পাশাপাশি বাড়ি ফিরে ত্বক ভালোভাবে পরিষ্কার করা জরুরি। দুর্গাপুজোর কয়েকদিন সুন্দর পোশাক পরার পাশাপাশি কম বেশি মেকআপ সবাই করে থাকেন। তাতে ক্ষতি নেই, বরং মেকআপ আপনার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। কিন্তু রাতে বাড়ি ফেরার পরে যদি ক্লান্ত হয়ে এই মেকআপ না তুলেই ঘুমাতে চলে যান, তাহলেই কিন্তু ত্বকের ক্ষতি! তাই প্রতিদিন বাড়ি ফিরে মেকআপ তো তুলবেনই, সঙ্গে আরও কয়েকটি কাজ করতে হবে। ত্বকে কোনও সমস্যা দেখা দিলে নিজের ইচ্ছেমতো নতুন ক্রিম ব্যবহার না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। সব মিলিয়ে, প্যান্ডেল হপিংয়ের ব্যস্ততার মধ্যেও সামান্য সতর্কতা ও নিয়মিত যত্নে ত্বককে সুস্থ রাখা সম্ভব। উৎসবের আনন্দের পাশাপাশি নিজের শরীর ও ত্বকের যত্ন নিতেও ভুলবেন না।




